রাজশাহীর বাঘা উপজেলার ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠেছে। মেলার দায়িত্বে থাকা বাঘা উপজেলা যুবদলের সদস্য সচিব ও মেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ওরফে শফির বিরুদ্ধে অশ্লীলতা, চাঁদাবাজি, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাংবাদিকদের হুমকির মতো গুরুতর অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাংবাদিকরা।
স্থানীয়রা জানান, সার্কাস ও যাদু প্যান্ডেলের আড়ালে চালানো হচ্ছে নগ্ন ও অশ্লীল পুতুল নাচ। একইসাথে ঐতিহ্যবাহী বাঘা মসজিদ ও মাজারের পাশে উচ্চ শব্দে ডিজে বাজিয়ে ‘মিনি লটারি’র নামে চলছে প্রকাশ্য জুয়া। এসব কর্মকাণ্ডে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ।
এছাড়াও অভিযোগ রয়েছে, মেলায় অংশ নেওয়া ৬৮ জন ব্যবসায়ীর কাছ থেকে শর্ত ভঙ্গ করে জোরপূর্বক আদায় করা হচ্ছে অতিরিক্ত চাঁদা। কেউ এসব অনিয়মের বিরুদ্ধে কথা বললেই তাকে ভয়ভীতি, হুমকি এবং অপমানজনক আচরণের শিকার হতে হচ্ছে।
এদিকে, আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অথচ এই সময়ে উচ্চ শব্দে ডিজে সাউন্ড ও মেলার নানান বিশৃঙ্খলার কারণে বাঘা উপজেলার আশপাশের গ্রামগুলোর পরীক্ষার্থীরা পড়াশোনায় মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। মেলা কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানানো হলেও তারা কর্ণপাত তো করেনিই, বরং অভিযোগকারীদের উল্টো হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।
এই বিষয়ে কথা বলতে গেলে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির রাজশাহী ব্যুরো প্রধান আকতার রহমানকে মেলা সভাপতি শফিকুল ইসলাম শফি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মারতে উদ্যত হন। তিনি বলেন, “তোর সাংবাদিকতা ছুটিয়ে দেবো, তোর পরিবারকেও শেষ করে দেবো।”
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন বলেন, “যেখানে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, সেখানে এমন অশ্লীলতা, ডিজে সাউন্ড ও জুয়া আয়োজন মেনে নেওয়া যায় না। একজন সাংবাদিককে হুমকি দেওয়া মানে গোটা সাংবাদিক সমাজকেই হুমকি দেওয়া। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করি।”
সংস্থার সাধারণ সম্পাদক মো: ফয়সাল আজম অপু বলেন, “মেলার নামে ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে এমন অশালীনতা ও অনিয়ম চলতে পারে না। এসএসসি পরীক্ষার সময়ে ডিজে বাজিয়ে পরীক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করাও শাস্তিযোগ্য অপরাধ। আমরা বিষয়টি নিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, ১০টি শর্তে ৮ লাখ টাকা জামানতের ভিত্তিতে সাত দিনব্যাপী মেলার ইজারা দেওয়া হয়। সর্বোচ্চ ১২ লাখ টাকার দর দিয়ে ইজারা নেন শফিকুল ইসলাম শফি। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে আবেদনের ভিত্তিতে মেলার সময় ১৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়।
এই পরিস্থিতিতে রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাঘা ইউএনও ও ওসি সহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা ও জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ।

Leave a Reply