সড়ক-মহাসড়কে প্রথমে একটি গাড়ি বা বাসকে টার্গেট করে নম্বর সংগ্রহ করতেন। পরে ৯৯৯-এ ফোন দিয়ে নিজেকে জজ পরিচয় দিয়ে সেই থানা এলাকার ওসি বা ট্রাফিক কর্মকর্তার সাথে কথা বলতেন জহরুল ইসলাম নামের এক ব্যক্তি।
তিনি নিজেকে হাইকোর্টের ৩ নম্বর বেঞ্চের বিচারক পরিচয়ে মুঠোফোনে বলতেন, ‘এই নম্বরের গাড়িটি আমার গাড়িকে অ্যাক্সিডেন্ট করে পালিয়েছে। ’ তখন কর্মকর্তারা সেই গাড়িটি আটক করলে ফোনে জজ পরচিয়দানকারী সেই গাড়ির চালক বা মালিকের সাথে কথা বলতেন।জানাতেন, গাড়ি মেরামত বাবদ টাকা দিলে তবে ছাড়া হবে, না হলে গাড়ি জব্দ থাকবে ও জেলও খাটতে হবে চালককে। অবশেষে বাধ্য হয়ে কথিত জজকে বিকাশে টাকা দিয়ে তবে মুক্তি পেতেন ভুক্তভোগীরা। পুরো প্রক্রিয়াটার লেনদেন ও কথাবার্তা হতো মোবাইলে।
প্রশাসনকে ব্যবহার করে অভিনব এক প্রতারককে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রকৃত নাম আবু বক্কর সিদ্দিক (২০)। পেশায় তিনি একজন অটোচালক।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরাফাত হোসেন । তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে আমরা কাজ শুরু করি। গত মঙ্গলবার রাতে আশুলিয়ার জিরাব পুকুরপার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি। ’
গ্রেপ্তারকৃত আবু বকর সিদ্দিক রাজবাড়ীর পাংশার পূর্ব বাগদুল গ্রামের মজিবরের ছেলে। তিনি আশুলিয়ার জিরাব এলাকার শফিকুল কাজীর বাড়িতে ভাড়া থাকতেন। তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ও সিম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আবু বক্করের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক মাস আগে আশুলিয়ায় একটি মারামারি ঘটনায় ৯৯৯-এ ফোন দিলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে। আইনগত ব্যবস্থাও নেয়। ৯৯৯-এ পুলিশের দ্রুত পদক্ষেপের বিষয়টি দেখে অপরাধের ছক সাজান অটোচালক আবু বক্কর। এরপর মোবাইলের নতুন সিম কেনেন। তারপর শুরু হয় অভিনব অপরাধ কর্মকাণ্ড। এভাবে গত দুই মাসে ১৫ থেকে ১৬টি গাড়ি থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
সাভার জোনের ট্রাফিক পুলিশ পরিদর্শক (অ্যাডমিন) আব্দুস সালাম বলেন, একই ঘটনা বারবার ঘটার পর বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। মূলত হাইকোর্টের ৩ নম্বর বেঞ্চে ওই নামের একজন বিচারপতি রয়েছেন। ফলে বিষয়টি খুবই স্পর্শকতার। তবে নানা তদন্ত শেষে নিশ্চিত হওয়া গেছে, এই প্রতারক সেই নাম ব্যবহার করতেন।
ঢাকা উত্তর ডিবির পুলিশ পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি দুই মাস ধরে আবু বক্কর নিজেকে জজ পরিচয়ে ৯৯৯-এর অপব্যবহার করে অপকর্ম করে আসছিল। ইতিমধ্যে আবু বকর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় এ ধরনের অপকর্ম করেছে। তবে এই অপরাধের সাথে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত চলছে। ’
Leave a Reply