কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী সীমান্ত এলাকা থেকে ভারত থেকে পাচারকালে ফেলে যাওয়া অস্ত্র, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৪ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার দিয়াডাঙ্গা বিওপি সংলগ্ন ৯৮৫/৩ এস পিলারের কাছে বিজিবির বিশেষ টহল দল এই অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে। কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক শনিবার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হকের নেতৃত্বে ১৯ সদস্যের বিশেষ টহলদল শুক্রবার রাতে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। কিছু ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে সন্দেহ হলে টহলদল তাদের ধাওয়া করে। তবে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি অভিযান চালিয়ে ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকা মূল্যের মালিকবিহীন অস্ত্র, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।
বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক জানান, সীমান্তে চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং প্রতিটি বিওপিতে টহল জোরদার করা হয়েছে।







Leave a Reply