ফরিদপুরে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে কে কে ইউ ব্রিকসের মালিক খলিফা কামাল উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধ ভাবে মাটি উত্তোলনের মাধ্যমে ইট তৈরির অভিযোগের ভিত্তিতে শনিবার (৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার কয়েকটি ইটভাটায় সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ অংশ নেয়। এ সময় জেলা সদরের ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় অবস্থিত কে কে ইউ ব্রিকসের মালিককে জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বেশ কয়েকটি ইটভাটা নিয়মবহির্ভূতভাবে নদী ও আশপাশের জমি থেকে মাটি উত্তোলন করে আসছিল। এ কারণে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নদী ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছিল। অভিযুক্ত ইটভাটাগুলো সরকারি সুইস গেট সংলগ্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করায় স্থাপনাটির স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া ওই ইটভাটা কর্তৃপক্ষের সেখান থেকে মাটি উত্তোলনের কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স নেই। অভিযানের সময় অবৈধ মাটি উত্তোলনের সত্যতা পাওয়া গেলে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট বসিয়ে কে কে
ইউ ব্রিকসের মালিক খলিফা কামাল উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, আমরা চাই জেলায় কেউ অবৈধ বা অন্যায়ভাবে কোনো কাজ যাতে করতে না পারে। আর কেউ যদি করার সাহস দেখায় সেখানেই প্রতিরোধ বা নিয়মিত আইন প্রয়োগ করা হবে। অবৈধভাবে বালি উত্তোলন ও মাটিকাটাসহ লাইসেন্সবিহীন ইটভাটা বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply