কোপা দেল রের সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। যেখানে প্রথম লেগে সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে লস ব্লাঙ্কোসরা। আর এই জয়ের অন্যতম নায়ক তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক। এ ছাড়াও এই ম্যাচ দিয়ে রিয়ালের জার্সিতে অধিনায়ক হিসেবে অভিষেক করেন ভিনিসিয়ুস জুনিয়র।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ম্যাচের প্রথমেই ভালো সুযোগ পায় সোসিয়েদাদ। চতুর্থ মিনিটে বক্সের বাইরে এক সতীর্থকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তাকেফুসা কুবো, ফিরতি বল পেয়ে তার নেওয়া কোনাকুনি শট ঠেকান লুনিন।
১৯তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই দলকে এগিয়ে নেন এন্দ্রিক। নিজেদের অর্ধ থেকে জুড বেলিংহ্যামের উঁচু করে বাড়ানো বল প্রথম স্পর্শে গতি কমিয়ে, বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই মৌসুমে কোপা দেল রেতে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন এন্দ্রিক, আসরে চার ম্যাচে তার গোল হলো মোট চারটি।
৩৫তম মিনিটে সোসিয়েদাদের এক ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা লেগে ভিনিসিয়ুস বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে সফরকারীরা, তবে রেফারির সাড়া মেলেনি।
৪৩তম মিনিটে লুনিনের দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। বক্সের বাঁ দিক থেকে আন্দের বারেনেচেয়ার উঁচু শট এক হাতে ব্যর্থ করে দেন আসরে দলের সবকটি ম্যাচে গোলপোস্ট সামলানো ইউক্রেইনের এই গোলরক্ষক। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই রিয়াল শিবিরে হানা দেয় স্বাগতিকরা। ৪৯তম মিনিটে কাছ থেকে মিকেল ওইয়ারসাবালের হেড ফিরিয়ে দেন তিনি। ফিরতি বলে কুবোর শটও ঠেকান।
দুই মিনিট পর দ্বিতীয় গোল পেতে পারতেন এন্দ্রিক, কিন্তু তার শট ক্রসবারে বাধা পায়। ৮২তম মিনিটে বক্সের বাইরে থেকে বেলিংহ্যামের জোরাল নিচু শটে বল এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়াতে যাচ্ছিল, ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে দলকে বাঁচান গোলরক্ষক।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আগামী ১ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে হবে দ্বিতীয় লেগের খেলা।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply