চাঁপাইনবাবগঞ্জে ককটেল হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত-৬
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :
চাঁপাইনবাবগঞ্জে ককটেল হামলায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) রাত প্রায় ৮টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া বাজারে এই হামলা হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
হামলায় আহত হয়েছেন বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বারঘরিয়া বাজার এলাকার সাকিম আলী, চামাগ্রামের নাজমুল হক, বেতবাড়িয়ার রহমত আলী ও লক্ষ্মীপুরের শিহাব উদ্দীন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সদ্য যোগদানকৃত ওসি মোঃ মতিউর রহমান জানায়, রাতে চেয়ারম্যান হারুনসহ আরও কয়েকজন বারঘরিয়া বাজারে বসে ছিলেন। এসময় তাদের ওপর অতর্কিতভাবে ককটেল হামলা হয়। হামলায় ৬ জন আহত হন।
আহত চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, হামলায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রাকিব।
তাঁকে লক্ষ্য করেই ককটেল হামলা চালানো হয়েছে। ককটেল বিস্ফোরণের পর লাঠিসোটা দিয়ে মারধর করা হয় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানান, আহত ৬ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হারুন-অর-রশিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গণঅধিকার পরিষদ এর সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আল-আমিন মুঠোফোনে বলেন, আব্দুর রাকিব আগে আওয়ামী লীগ রাজনীতির জড়িত ছিলো, তাছাড়া তার কর্মকান্ড বিতর্কিত তাই আমরা গনঅধিকার পরিষদ থেকে বহিষ্কার করেছি। রাকিবের কোনো দায়-দায়িত্ব আমরা নিবোনা।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গণঅধিকার পরিষদের রাকিব প্রভাব বিস্তার করার জন্যই মূলত ককটেল বিস্ফোরণ করেছে। তাঁর নেতৃত্বে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
হামলাকারীকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ওই ঘটনায় এক চেয়ারম্যান আহত হয়েছেন। তবে সেটা ককটেল বিস্ফোরণে নয়, তাকে মারধর করা হয়েছে।





Leave a Reply