দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি কোনো ইভেন্টের। কিন্তু পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে অস্বীকৃতি জানায় ভারত। যার ফলে এক প্রকার বাধ্য হয়েই হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে পাকিস্তানকে। যা ভালোভাবে নিতে পারেনি পাকিস্তান। তাই সুযোগ বুঝে ভারতের একগুঁয়েমির জবাব দিয়েছে তারা।
পাকিস্তানের করাচি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ। তাই এই মাঠের সাজসজ্জা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছে পিসিবি। টুর্নামেন্ট শুরু আগে স্টেডিয়ামে অংশগ্রহণকারী সাত দেশের পতাকা টানিতেছে পিসিবি। সেখানে নেই কেবল ভারতের পতাকা।
এর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে দল না পাঠানোর কথা জানিয়েছিল ভারত। নানা নাটকীয়তার চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ধারণ হয় হাইব্রিড মডেলে। তারপরও ক্যাপ্টেন্স ডেতে রোহিত শর্মাকে পাঠায়নি ভারত। তাই স্টেডিয়ামে ভারতের পতাকা না রেখে এবার হয়তো সেই শোধটাই নিয়েছে পাকিস্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উড়তে দেখা যায়।
ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শুধু করাচি নয় গাদ্দাফি স্টেডিয়ামও নেই ভারতের পতাকা। তবে এ বিষয়ে পিসিবি এবং আইসিসি থেকে কিছুই জানানো হয়নি এখনও।
এবারের আসরে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই দুই পরাশক্তির লড়াই দেখতে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যতিক্রম হচ্ছে না।
ম্যাচের দুই সপ্তাহ আগে ভারত ও পাকিস্তান ম্যাচের টিকিট ছেড়েছিল। এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অনলাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। তবে তাদের বেশিরভাগকেই দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও হতাশ হতে হয়েছে।
পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তৈয়ব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, রিশাভ পন্ত, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

সূত্র অনলা্ইন ডেস্ক আরটিভি
Leave a Reply