ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবুকদিয়া গ্রামের বাসিন্দা কাজী আবুল কালাম (৬১) এবং পুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দফা গ্রামের বাসিন্দা আতাউর রহমান (৪৮)। আতাউর আওয়ামী লীগের কোনো পদে নেই। তবে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবরের অনুসারী হিসেবে পরিচিত।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে দফা ও ডাঙ্গী গ্রামে ওই দুই ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা আছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার তাঁদের আদালতে তোলা হবে।
কাজী আবুল কালাম ২০১১, ২০১৬ ও ২০২১ টানা তিনবার চেয়ারম্যান পদে জয়ী হন। ২০১১ সালের নির্বাচনে তাঁর বিরুদ্ধে ফলাফল কারচুপির অভিযোগ এনেছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান। পরের দুবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হন তিনি। তিনি চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাঙ্গী গ্রাম থেকে সরিয়ে এনে নিজ গ্রাম ভবুকদিয়ায় অস্থায়ী ইউপি কার্যালয় স্থাপন করেন।
অপরদিকে আটককৃত আতাউর রহমান
২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত পুরাপাড়া ইউপির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন । এরপর স্থানীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবরের সঙ্গে তাঁর সখ্য গড়ে উঠে।
তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় তাঁর ইউপি সদস্যরা টিআর, কাবিখা, কাবিটা, উন্নয়ন প্রকল্পের টাকা, হাটবাজার, এডিবিসহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ করেছেন। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে ২০২৩ সালে আট ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন।

Leave a Reply