রংপুর, ৩০ জানুয়ারি ২০২৫: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস সংলগ্ন এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
তথ্যসূত্রে জানা গেছে, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহামুদুল হাসান মুন্নার ঘটনায় নুরুজ্জামান আহমেদ, তার ছেলে এবং আরও ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত বছরের ২৯ আগস্ট মুন্নার বাবা আব্দুল মজিদ রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালী আমলি আদালতে এ মামলা করেন।
এ মামলার ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে, গত বছরের ২৭ অক্টোবর একই মামলায় সাবেক মন্ত্রীর ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করেছিল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এদিকে, লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে আরও আটটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।






Leave a Reply