চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিনা অনুমতিতে ফসলি জমির মাটি কাটায় ডালিম আলী ও জমির মালিক সাদিকুক ইসলামের নামে নিয়মিত মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস।
শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানকালে উক্ত স্থানে অবৈধভাবে মাটিকাটার আলামত হিসেবে একটি এক্সক্যাভেটার (ভেকু মেশিন) জব্দ করা হয়। সেই সাথে অবৈধভাবে মাটি কাটায় নিয়োজিত এক্সক্যাভেটার মেশিনটির মালিক মোঃ ডালিম আলির বিরুদ্ধে অবৈধভাবে মাটি বহনের কাজে ব্যবহৃত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, অবৈধভাবে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটি কাটা ও বিক্রয়ের অপরাধে জমির মালিক জনাব মোঃ সাদিকুক ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সমসময় বদ্ধপরিকর। এরুপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসি ল্যান্ড।

Leave a Reply