ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল, এমন খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরান ও তার আশপাশের কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার কথা জানালেও কোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ইসরায়েলের সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলের আরবি মুখপাত্র আভিচায় আদ্রেই এক বিবৃতিতে বলেন, গত কয়েক মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইরানি শাসকদের চলমান আক্রমণের প্রতিক্রিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হচ্ছে।
ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীও হামলার কথা স্বীকার করেছে। তারা জানায়, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। যদিও তারা দাবি করেছে, হামলাগুলো সফলভাবে ঠেকানো হয়েছে, তবে কিছু স্থানে সামান্য ক্ষতি হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট জানিয়েছেন, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আত্মরক্ষার জন্য সুনির্দিষ্টভাবে হামলা চালানো হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, এই হামলাটি ১ অক্টোবর ইরানের হামলার প্রতিশোধ হিসেবে করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানি রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলো জানায়, এই হামলার লক্ষ্য ছিল কয়েকটি সামরিক ঘাঁটি। হামলার পর অঞ্চলটিতে উত্তেজনা বেড়ে গেছে, যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।

অনলাইন ডেস্ক
Leave a Reply