রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়ায় নির্ধারিত সময়ের সাড়ে ৪ ঘণ্টা পর। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেই টাইগাররা। শুরুটাও দুর্দান্তভাবে করেছিল শরিফুল-হাসানরা, তবে সাইম ও শাকিলের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এতে প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা।
বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডিতে সকাল থেকেই বৃষ্টি ছিল। বৃষ্টি থামার পরও ঘণ্টা দুয়েক সময় লেগেছে মাঠ খেলার উপযুক্ত করতে। তাতে পিছিয়েছে খেলা শুরুর সময়। বিলম্বে টস হয় স্থানীয় সময় দুপুর ২টায়। খেলা শুরু হয় স্থানীয় সময় আড়াইটায়।
ভেজা উইকেটে বরাবরই পেসাররা বাড়তি সুবিধা পায়। বাংলাদেশি পেসাররা আজ সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন। নতুন বলে দারুণ সুইং পেয়েছেন শরিফুল। হাসান মাহমুদও লাইম-লেন্থ বজায় রেখে পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরেন।
নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ব্রেকথ্রু পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে করেছিলেন হাসান মাহমুদ। স্লটে পেয়ে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালান আবদুল্লাহ শফিক, ঠিকমতো টাইমিং না হওয়ায় বল চলে যায় গালিতে, সেখানে দাঁড়িয়ে থাকা জাকির হাসান শুন্যে ভেসে বল তালুবন্দি করেন। ১৪ বল খেলে ২ রান করে শফিক বিদায় নেওয়ায় ৩ রানে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি।
সপ্তম ওভারে শান মাসুদকে ফেরান শরিফুল। এই বাঁহাতি পেসারের ব্যাক অব লেংথে করা বল মিড অফের দিকে খেলতে চেয়েছিলেন মাসুদ, ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে উইকেটকিপারের গ্লাভসে। কিন্তু জোরালো আবেদনেও সাড়া দেননি আম্পয়ায়ার, রিভিউ নেন শান্ত। তাতে দেখা যায়, ব্যাটের কানা ছুঁয়ে গ্লাভসে জমা পড়েছে বল, ফলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। ১১ বলে ৬ রান করে ফেরেন মাসুদ।
দ্রুত দুই উইকেট হারানোর পর উইকেটে আসেন বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটারের কাঁধে দায়িত্ব ছিল দলকে টেনে তোলার। কিন্তু পারলেন না। ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলটি লেগ স্টাম্পের বাইরে করেছিলেন শরিফুল। খাটো লেংথের সেই বলে আউট সাইড এজে উইকেটের পেছনে ধরা পড়েন বাবর। ডাক খেয়ে ফিরেছেন সাবেক এই অধিনায়ক।
মাত্র ১৬ রানেই তিন উইকেট হারায় স্বাগতিকরা সাউদ শাকিলকে সঙ্গে নিয়ে পাক শিবিরের হাল ধরেন ওপেনার সাইম আইয়ুব। দুজনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে নিজের ফিফটি তুলে নেন আইয়ুব। তাকে যোগ্য সঙ্গ দেন সাউদ শাকিল।
ফিফটি তোলার পর বেশিক্ষণ পিচে টিকতে পারেননি আইয়ুব। ৫৬ রান করে এই বাঁহাতি ওপেনারবে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। তবে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন শাকিল।
তাকে সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান। দুজনের ব্যাটে ভর করে প্রথমদিনে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলছে পাকিস্তান। ৫৭ রানে শাকিল এবং ২৪ রানে অপরাজিত আছেন রিজওয়ান। দ্বিতীয় দিনে এখান থেকেই খেলা শুরু করবে স্বাগতিকরা। িবাংলাদেশের হয়ে প্রথমদিনে দুটি করে উইকেট শিকার করেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply