চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর ইউনিয়নের চর-কাশিমপুর (নতুনপাড়া) গ্রামের নুর মহল নামে এক অসহায় মহিলার বাড়ি পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন নুর মহল বেগম। ভুক্তভোগী মহিলা ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। জানা যায়, নুর মহলের সাথে প্রতিবেশী প্রভাবশালী নাসির-বসিরের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে তারা নুর মহলকে হুমকি ধামকি দিয়ে আসছিল।
শনিবার (১০ আগষ্ট) সকাল ১০ টার দিকে এরফান মেম্বার ও তরিকুল মেম্বারের নির্দেশে এবং নাসির-বশিরের নেতৃত্বে সামীম, হায়াত, মতিন, পারভেজ, পিয়ারুল, খুরসেদ, নাঈম, ফাহিম, হযরত, বানু, আলিয়ারা, সুন্দরী, ফাতেমা, কুলসুম, ফরিদা সহ ২০/২৫ জন পুরুষ মহিলা হামলা চালায়। পরে তার বসতঘরে ঢুকে লুটপাট করে ও আগুন লাগিয়ে দেয়।
এতে তার টিন সেড বাড়ী ও ঘরের আসবাবপত্রসহ মালামাল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। পরে বাড়িতে এসে আগুনে পুড়ে ছাই হওয়ার দৃশ্য দেখে সেনাবাহিনী ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন ও হায়াত সহ ২ জনকে আটক করে।
জানা যায়, অভিযুক্ত নাসির বসির একই গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে। ভুক্তভোগী নুর মহল জানান, আমার স্বামী প্রায় ১০ বছর থেকে আমাদের খোঁজ খবর নেয়না, আমি অতি কষ্টে ২ ছেলে ১ মেয়েকে নিয়ে সেলাই মেশিন চালিয়ে সংসার চালাই।
ভেস্টেড জমিতে চেয়ে-চিন্তে টিন-শেড বাড়ি করে ২ বছর থেকে বাস করি। কিন্তু বাড়ি করার পর থেকেই প্রতিবেশী প্রভাবশালী নাসির, বসির আমার বাড়ি উঠিয়ে দেয়ার জন্য জুলুম করে ও বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দেয়।
এর আগেও নাসির, বশির কুলসুমকে বাদী করে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে জেল হাজত খাটিয়েছে বলেও জানান ভুক্তভোগী।
আজ শনিবার সকাল ১০ টার দিকে নাসির, বসিরের নেতৃত্বে ২০/২৫ জন পূরুষ মহিলা আমাদের উপর হামলা ও মারধর করে ও বাড়ির মালামাল লুটপাট করে নিয়ে যায় এক পর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আমার বড় ছেলে সিফাতকে পিটিয়ে জখব করে, দাঁত ভেঙে দেয়। আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে, বাড়ির অস্তিত্ব নাই। কোথায় যাবো কি খাবো বলে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী মহিলা নুর মহল।
অভিযুক্ত বসির তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে জানান, নুর মহলের বাড়ি কে বা কাহারা লুটপাট করেছে ও পুড়িয়ে দিয়েছে জানিনা কারন তখন আমরা তখন মাঠে কাজ করছিলাম। বরং আমাদের বাড়ির মহিলাদের নুর মহলের লোকজন মারধর করেছে।
পরে এ ব্যাপারে নুরমহল বাদী হয়ে আদালতে মামলা করার প্রস্তুতি নেন। ঘটনার পর থেকে ভুক্তভোগী মহিলা নুর মহল অসহায়ত্ব বোধ করছে। কারন অপরাধীরা মহিলাকে মামলা করলে উল্টো মামলা দেয়ার ও মেরে ফেলার হুমকি দিচ্ছে।





Leave a Reply