চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চিনা ক্ষেতে কাজ করার সময় মিলন আলী (৪০) নামে এক কৃষককে কামড় দিয়েছে বিষধর ‘রাসেলস ভাইপার’ সাপ। সাপটিকে জীবিত অবস্থায় ধরে নিয়ে বস্তায় ভরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই কৃষক।
সোমবার (৮ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটে। মিলন পাঁকা ইউনিয়নের বোগলাগুড়ি গ্রামের মো. তফজুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মিলন আলী বলেন, সকাল থেকে পদ্মার চরে চিনা কাটছিলাম। কাজ প্রায় শেষ। একটি চিনার আটি মাথায় তুলতে যাব এসময় একটি সাপ আমাকে কামড় দেয়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাসেলস ভাইপার সাপটিকে দেখতে পান । পরে সাপটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষ হয়েছে। এখন সুস্থ আছি। কোন সমস্যা হচ্ছে না। স্থানীয়রা বলেন, মিলন আলী চিনা খেতে কাজ করছিলেন। সময় একটি রাসেলস ভাইপার সাপ তাকে কামড় দেয়। পরে এলাকাবাসী সবাই মিলে সাপটিকে ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিমেল অফিসার সেলিম রেজা বলেন, মিলন আলির অবস্থা বর্তমানে ভালো। অনেকেই সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঁঝার কাছে যান, তিনি সেটা না করে হাসপাতালে চলে এসেছেন। এটি তার সঠিক সিদ্ধান্ত ছিল।
আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আর তাকে সব সময় নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।





Leave a Reply