চাঁপাইনবাবগঞ্জে ৩০৫ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার (০১ জুন) রাতে জেলার গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ি গরিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাহিন নীলফামারী জেলার ডোমার উপজেলার সুধুর আড্ডা আন্ধারের মোড় এলাকার মৃত মোকসেদের ছেলে। আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, মাদকের একটি বড় চালান কানসাট-গোমস্তাপুর সড়ক দিকে পাচার করা হবে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই সড়কের শুক্রবাড়ি গরিয়া বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় একটি অটোরিক্সা থামিয়ে তার একমাত্র যাত্রী শাহিনকে তল্লাশী চালানো হয়।
এসময় তার নিকট থেকে ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তার বাড়ি নীলফামারি হলেও সে দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।





Leave a Reply