চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হযরত আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচোল পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের মো.নিজামুল হক লেবুর ছেলে। আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বাড়ীর পাশের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হযরত আলী শিশু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হিসেবে পলাতক জীবন যাপন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়,স্কুল ছাত্র তাজেমুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক জীবন যাপন করছিলেন হযরত আলী। এরই মধ্যে বুধবার তিনি বাড়ীতে আসেন।
এরপর রাতেই আবার বাড়ী থেকে বেরিয়ে যান। পরে আজ বৃহস্পতিবার সকালে একই এলাকার একটি আম বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান,গাছের ডালে কাপড়ের কিছু অংশ ও হযরত আলীর গলায় কাপড় বাঁধা ছিল। ধারনা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
ওসি আরও জানান,২০২০ সালে স্কুল ছাত্র তাজেমুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন হযরত আলী।

Leave a Reply