চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে জিলানী নামে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে রবিবার (০২ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ লুৎফুল হাসান।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি, নিয়ম নীতির তোয়াক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দক্ষিণ শহর এমপি ওদুদ পার্কের সামনের রাস্তার প্রায় ৬০ টি বড় বড় সরকারি গাছ কেটে নিয়েছেন, যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
অভিযোগকারী চেয়ারম্যান লুৎফুল হাসান বলেন, ০৭ নম্বর ওয়ার্ড এলাকার রাস্তার পাশের সরকারি গাছ কাটতে অভিযুক্তদের বেশ কয়েকবার নিষেধ করা হয়। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত করেননি।
এরই মধ্যে অত্যাধুনিক মেশিন দিয়ে শতাধিক বড় বড় আম, মেহগনি, অর্জুন গাছ কেটে সাবাড় করে দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে ইউএনওকে অভিযোগ দিয়েছি।
রবিবার (২ জুন) দুপুরে সরেজমিনে দক্ষিণ শহর এলাকায় গেলে অধিকাংশ গাছের গোড়া ও ডালপালা পড়ে থাকতে দেখা যায়। সেখানে অভিযুক্তদের একজন গোবরাতলা ইউনিয়নের সাবেক মেম্বার তাসেম আলীর সঙ্গে কথা হয়।
সরকারি গাছ কাটার অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রাস্তার পাশের এসকল গাছ সাবেক এমপি হারুন অর রশিদের। আর তা হারুন ভাইয়ের নির্দেশেই জিলানী কেটে নিয়ে গেছে।
এখানে হারুন এমপির জমিতে আমার মৎস্য ও গবাদি পশুর খামার আছে। অরক্ষিত থাকায় কয়েক মাস আগে চোরেরা ৬ টি গরু চুরি করে নিয়ে গেছে। তাই এমপি হারুন ভাইকে বলে নিরাপত্তার জন্য বাউন্ডারি ওয়াল করতে গিয়ে ১৫/১৬ টি গাছ কাটা হয়েছে।
সরকারি গাছ অনুমতি না নিয়ে আপনার লোক জিলানীকে দিয়ে কেনো কাটালেন? এমন প্রশ্নে বিব্রত হয়ে বলেন, বিএমডিএর অনুমতি নিয়ে এসব গাছ কাটা হয়েছে বলে দাবি করেন তবে স্বপক্ষে কোন প্রমান দেখাতে পারেনি। এই প্রতিবেদককে ম্যানেজের চেষ্টা করেন এবং নিউজ না করার অনুরোধ জানান।
তাছাড়া বিএমডির অনুমতি নিয়েই এসব গাছ কাটা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে কিংবা প্রমান দিতে পারেনি।
অভিযোগের ব্যাপারে জিলানী বলেন, আমি গাছ হারুন এমপির নিকট কিনে নিয়েছি, আমার জানা মতে তাদের গাছ। এগুলো সরকারি গাছ আমি সেটা জানিনা। ঝামেলা হবে জানলে কিনতাম না।
নিউজ না করতে অনুরোধ জানান এবং দেখা করতে চাই। সাবেক এমপি হারুন অর রশিদের বক্তব্য নেয়ার জন্য, মোবাইলে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোসাঃ তাছমিনা খাতুন বলেন- ঝিলিম ইউনিয়নে ৫০-৬০ টি সরকারি গাছ কেটে নিয়েছে। ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুল হাসানের এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা বিএমডিএ এবং ফরেস্ট অফিসার যিনি রয়েছেন আমরা উনাদের সাথে কথা বলেছি।
গাছগুলো আসলে কোন সংস্থার আওতায় পড়ছে এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তদন্ত করে তাদের যদি গাছ হয়ে থাকে তাহলে তারা মামলা দায়ের করবেন এবং যারা দায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা ইতিমধ্যে বলেছি। উপজেলা প্রশাসন থেকেও তদন্ত সাপেক্ষে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।’





Leave a Reply