যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নে মসজিদ কমিটি গঠনসংক্রান্ত বিষয় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আজ রবিবার (১০ জুলাই) ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাবেক মেম্বর হাসান আলী (৩৬), একই গ্রামের নূর ইসলামের ছেলে রহমত উল্লাহ (৬২), নজরুল ইসলামের দুই ছেলে নাসির উদ্দিন (৩৭) ও আবদুল ওয়াদুদ (৪৫)।আহতদের সকলের বাড়ি উপজেলার জিরেনগাছা গ্রামে।
এলাকার লোকজন জানান, রবিবার (ঈদের দিন) সকালে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাতের পর স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড মেম্বর আলাউদ্দিন আলা ঈদগাহ মাঠে সংশ্লিষ্ট মসজিদ ও এতিমখানার পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন সংক্রান্ত বক্তব্য প্রদানকালে স্থানীয় সাবেক মেম্বার হাসান আলীর সমর্থকরা তার বক্তব্যে বাধা দেন। এতে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে ঈদগাহে আগত মুসল্লিরা দ্রুত ঈদগাহ মাঠ ত্যাগ করে চলে যান। পরবর্তী সময়ে দুই গ্রুপের লোকজন ঈদগাহের পাশে জিরেনগাছা-নাভারণ রোডে লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। উক্ত ঘটনায় উভয় গ্রুপের চারজন আহত হয়।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারির ঘটনায় উভয় গ্রুপের চারজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
সুত্র কালের কন্ঠ
Leave a Reply