সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে : ১২ ওভারে ৬৪/৭
সর্বনিম্ন স্কোরের পথে হাঁটছে জিম্বাবুয়ে
১৮:৪৯, মে ৩
আবারও উইকেট! ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে এসে লুক জঙ্গিকে ফিরিয়েছেন সাইফউদ্দিন। লং অনে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জঙ্গি। এতে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিক দল।
চট্টগ্রামে আজ যেন সর্বনিম্ন স্কোরের পথেই হাঁটছে জিম্বাবুয়ে। এই ফরম্যাটে তাদের সর্বনিম্ন স্কোর ৮২। চলতি বছরই শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ দশমিক ১ ওভারে গুটিয়ে গিয়েছিল তারা। আজও নতুন লজ্জার রেকর্ডের শঙ্কা জাগাচ্ছে সিকান্দার রাজার দল।
আবারও জোড়া উইকেট!
১৮:৪৩, মে ৩
রীতিমত অবিশ্বাস্য। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ যেন উইকেটের বৃষ্টি পড়ছে।
ইনিংসের সপ্তম ওভারে এসে ফের জোড়া উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। এতে ৯ বলের ব্যবধানে ৫ উইকেট হারাল সফরকারীরা।
প্রথম বলে উইলিয়ামস এবং পরের বলেই বার্লকে ফেরান তাসকিন। রানের খাতা খোলার আগেই ফেরেন তারা। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও দেখেশুনে সেই বলটি ছেড়ে দেন লুক জঙ্গি।
৭ ওভারে ৩৮/৬
জোড়া উইকেট খোয়ালো সফরকারীরা
১৮:৩৭, মে ৩
পরপর দুই বলে ২ উইকেট পেল বাংলাদেশ। রান আউটের ফাঁদে পড়ে কাটা পড়লেন ব্রায়ান বেনেট। ১৫ বলে ১৬ রান করে ফেরেন বেনেট।
এরপর ক্রিজে নেমেই প্যাভিলিয়নে ফেরেন সিকান্দার রাজাও। রোডেশিয়ানদের অধিনায়ককে টিকতে দেননি শেখ মেহেদি। তাকে সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। আর প্রথম স্লিপে কোনো ভুল করেননি লিটন।
চোখের পলকে ১ উইকেটে ৩৬ থেকে ৪ উইকেটে ৩৬ রানে সফরকারীরা।
ফিরেই সাইফউদ্দিনের উইকেট
১৮:২৪, মে ৩
১৮ মাস পর ফিরেই চট্টগ্রামে ম্যাজিক দেখালেন মোহাম্মদ সাইফউদ্দিন। পঞ্চম ওভারে তাকে আক্রমণে এনেছিলেন শান্ত। তার ফুল লেংথের সুইংয়ে রীতিমত খাবি খেয়েছেন অভিষিক্ত গাম্বি। শর্ট ফাইন লেগে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।
জিম্বাবুয়ে : ৫ ওভারে ৩৬/২
আক্রমণে তাসকিন
১৮:২৩, মে ৩
ইনিংসের চতুর্থ ওভারে এসে বোলিংয়ে পরিবর্তন এনেছেন টাইগার দলপতি। আক্রমণে এসেছেন তাসকিন। বাউন্স আর পেসে এই ওভারে মাত্র ৫ রান দিয়ে শুরুটা করলেন তিনি।
৪ ওভারে ৩১/১
টানা তিন বাউন্ডারি
১৮:১৭, মে ৩
ব্যক্তিগত দ্বিতীয় ওভারটা মোটেই ভালো কাটলো না শরীফুলের। তার এই ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়েছেন ব্রায়ান বেনেট। শরিফুলের এই ওভার থেকে ১৩ রান তুলে নিয়েছে রোডেশিয়ানরা।
মেহেদীর আঘাত
১৮:১০, মে ৩
দুর্দান্ত এক ডেলিভারি! তাতেই পরাস্থ আরভিন।
বাঁহাতি আরভিনের বিপক্ষে স্পিনার মেহেদীকে আক্রমণে এনেছিলেন শান্ত। এতে সুফলও পেয়েছে লাল-সবুজ শিবির। মেহেদীর দ্বিতীয় বলেই উড়ে যায় ওপেনার ক্রেগ আরভিনের অফ স্টাম্পের বেলস। মাপা লেংথের বলে সামনে পায়ে একটু জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন আরভিন। তবে ব্যাটে না পাওয়ায় রানের খাতা খোলার আগেই ফেরেন প্যাভিলিয়নে।
২ ওভারে ১৩/১
চারে শুরু গাম্বির
১৮:০৩, মে ৩
ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়েই আন্তর্জাতিক টি–টোয়েন্টি অভিষেক হলো জিম্বাবুয়ে ওপেনার জয়লর্ড গাম্বির। একই ওভারে আরও একটি চার হাঁকিয়েছেন এই ওপেনার। শরীফুলের হাফ ভলিতে মাপা শটে তুলে নেন ৮ রান।
১ ওভার শেষে জিম্বাবুয়ে ৮/০
মেঘলা চট্টগ্রাম
১৭:৩৯, মে ৩
বন্দরনগরীর আকাশ আজ মেঘলা। এর সঙ্গে বাতাশও বইছে। এ ছাড়া উইকেটে ঘাসও রয়েছে।
একাদশ
১৭:৩৩, মে ৩
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।
তানজিদের অভিষেক
১৭:৩২, মে ৩
গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তানজিদ হাসান তামিমের। ইতোমধ্যেই ১৫টি ওয়ানডে ম্যাচও খেলে ফেলেছেন। তবে টি–টোয়েন্টিতে অভিষেকের প্রহর গুনছিলেন বাঁহাতি এই ওপেনার। চট্টগ্রামে সেই অপেক্ষা ঘুচল। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের কাছ বুঝে নিলেন টি–টোয়েন্টি ক্যাপ।
টস
১৭:৩১, মে ৩
পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।
স্বাগতম
১৭:২৫, মে ৩
সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এই সিরিজ দিয়েই কাগজে-কলমে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ২০ দেখায় ১৩ জয় টাইগারদের। অতীত পরিসংখ্যানকে পুঁজি করে ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচটা জয় পেতে চায় নাজমুল শান্তর দল। আর বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটা জয় দিয়ে শুরু করতে চায় বিশ্বকাপে জায়গা না পাওয়া জিম্বাবুয়েও।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply