ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলায় বাস-পিকআপের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক খোকন মিয়াকে (৫৪) গ্রেফতার করেছে র্যাব-১০।
রোববার (২১ এপ্রিল) র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন মিয়া ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে ফরিদপুর র্যাব-১০ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।
তিনি জানান, গত ১৬ এপ্রিল ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলা নামক স্থানে ঢাকা থেকে মাগুড়াগামী উত্তরা ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস আলফাডাঙ্গা থেকে ছেড়ে আসা পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা শিশু-নারীসহ ১৫ যাত্রী নিহত হয়। দুর্ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্বজন ইমামুল শেখ বাদী হয়ে অজ্ঞাত চালককে আসামি করে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। দুর্ঘটনার পর র্যাব তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিক্তিতে পলাতক আসামি বাসের চালক খোকন মিয়াকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে গ্রেফতার করে। ওই বাসের হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান র্যাব।

Leave a Reply