নজরুল চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের সভাপতি ও সাবেক জেলা ক্রীড়া অফিসার বীর মুক্তিযোদ্ধা ইফতেখার আলম আর নেই (ইন্নালিল্লাহি…..রাজিউন)। সোমবার রাত দশটায় তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় যশোরের কাজীপাড়া কাঠালতলা জামে মসজিদের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব ওনার প্রদান করা হয়। যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান তাকে গার্ড অব ওনার প্রদান করেন। এ সময় যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি টিম করুন সুরে বাদ্য বাজিয়ে তাকে বিদায়ী স্যালুট জানান।
এরপর তার প্রাণের সংগঠন অগ্নিবীণার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রথম জানাজা শেষে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি চৌগাছা বাজারে। সেখানে জোহরবাদ দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।
ইফতেখার আলম যশোর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির কয়েকবারের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যশোরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। যশোরের ক্রীড়াঙ্গণে বিশেষ করে স্টেডিয়ামে সরকারি ক্রিড়া অনুষ্ঠানগুলো তিনি সফলতার সাথে পরিচালনা করতেন।
সবার পরিচিত ইফতেখার আলম স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ৬ মাস যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে কাজীপাড়া কাঠালতলা এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

-বিশেষ প্রতিনিধি
Leave a Reply