সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের নিয়ম জারি করতে যাচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। গত সপ্তাহে এমন ঘোষণা আসে দেশটির জান্তার পক্ষ থেকে।
ওই ঘোষণায় বলা হয়, ১৮ থেকে ৩৫ বছর বয়সী সকল পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী সকল নারীকে দুই বছরের জন্য বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হবে। আর এমন ঘোষণার পর দেশটির তরুণ-তরুণীরা দলে দলে মিয়ানমার ছাড়া শুরু করেছেন অথবা ছাড়ার চেষ্টায় আছেন।
বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) থাই দূতাবাসের সামনে এক হাজার মানুষকে ভীড় করতে দেখা গেছে। যাদের সবাই থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার চিন্তা করছেন।
২০২১ সালে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক জান্তা। এরপর তারা মার্শাল ল জারি করে। কিন্তু ওই অভ্যুত্থানের পর থেকেই বিদ্রোহীদের হামলার মুখে পড়ে দেশটির সশস্ত্র বাহিনী।গত কয়েক মাসে বিদ্রোহীদের কাছে একাধিক অঞ্চল হারিয়েছে সামরিক জান্তা।
এছাড়া অনেক সৈন্যও হারিয়েছে তারা। বিদ্রোহীদের ঠেকাতে এখন দেশের সব তরুণ-তরুণীকে সেনাবাহিনীতে যোগদান করানোর পরিকল্পনা করছে তারা।গত শনিবার সামরিক জান্তা সর্বপ্রথম এ ধরনের ঘোষণা দেয়। এরপরই থাই দূতাবাসের সামনে ভিসার জন্য প্রতিদিন শত শত তরুণ-তরুণী লাইন ধরা শুরু করেন।

-অনলাইন ডেস্ক
Leave a Reply