মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে গুলাগুলি শব্দে
সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়রা আতংকে
মিয়ানমারের অভ্যন্তরে গুলাগুলির ঘটনায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়রা গুলাগুলির আওয়াজে প্রতিনিয়ত আতংকে দিনাতিপাত করছে।এছাড়া স্কুল পড়ুয়া ছাত্র/ছাত্রীদের নিরাপত্তার জন্য সীমান্ত এলাকায় অবস্থিত পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
সোমবার (২৯ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নাইক্ষ্যংছড়ি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রি রতন চাকমার আবেদনের প্রেক্ষিতে নিরাপত্তার বিষয়টি চিন্তা করে ঘুমধুম ও তুমব্রু সীমান্তের কাছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বন্ধ ঘোষণা করা স্কুল গুলো হলো, বাইশ ফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়,তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেজু গর্জন বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সরজমিনে সীমান্ত এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে আরকান আর্মি,আরএসও বিদ্রোহী গোষ্ঠী সাথে মিয়ানমার জান্তা সরকারের মধ্যে গুলাগুলি বিনিময়ে সীমান্ত ঘেঁষে ওপারে কামানের গোলা নিক্ষেপে এপারের অভ্যন্তরে ছুড়ে আসায় সীমান্তে আশেপাশে বসবাসরত লোকজন ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে আতংক দেখা দিয়েছে বলে তারা জানিয়েছেন।
স্থানীয় সংবাদকর্মী নুর মোহাম্মদ সিকদার জানান,মিয়ানমার-নাইক্ষ্যংছড়ি সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেষে মিয়ানমার অংশে ৩ দিনে ৩০/৩৫ এর অধিক মর্টার শেলের প্রকট শব্দে ৪৭ ও ৪৮ নম্বর সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তর এসব গোলার আওয়াজে কেঁপে উঠেছে। আর এ কাঁপুনিতে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তে বসবাসরত স্থানীয় এলাকাবাসী।
তুমব্রু সীমান্তের স্থানীয় বাসিন্দা সোলতান আহম্মদ বলেন, কিছু দিন ধরে সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলি হচ্ছে, আমরা যারা স্থায়ী বাসিন্দা আছি, সবাই খুব আতঙ্কে রয়েছি। তবে সীমান্তে বসবাসকারী অনেকেই ভয়ে নিরাপদে চলে গেছেন।এর আগে শনিবার (২৭ জানুয়ারি) সারারাত গোলাগুলি হয়।
ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ বলেন, মাঝখানে কিছুদিন গোলাগুলি বন্ধ ছিল। শনিবার থেকে আবারও মিয়ানমার অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলি ও বোমার আওয়াজ শোনা যাচ্ছে। এখানে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সীমান্ত এলাকার মানুষ ও বোমার আওয়াজে আতঙ্কে রয়েছে। আজ(গতকাল) সকাল থেকে ঘুমধুম-তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে।
তিনি আরও বলেন, ২৯ জানুয়ারি(গতকাল সোমবার) সকালে ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে কেউ হতাহত না হলেও আতঙ্কে রয়েছেন সীমান্তে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা
ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্রো বলেন, আমরা যারা এপারে বসবাস করছি সবাই আতঙ্কে আছি, কখন কোন সময় কি হয় জানি না। বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার জন্য স্থানীয় জনগণকে সতর্ক করা হচ্ছে।
গত ৮-১০ দিন থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে কী কারণে এ গোলাগুলির ঘটনা ঘটছে তা এখনো জানা যায়নি।
মিয়ানমারের বিভিন্ন প্রদেশে গত এক বছরের বেশি সময় ধরে চলে আসা সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাত বর্তমানে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন পর্যন্ত বিস্তৃত হয়েছে। কদিন ধরেই সীমান্ত এলাকায় ভারী অস্ত্র থেকে ছোড়া গুলি এবং মোটরশেলের শব্দ শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে আগুনের ধোঁয়া। এর আগেও মিয়ানমার থেকে ছোঁড়া গোলা বাংলাদেশ সীমান্তে এসে পড়ে।
উল্লেখ্য মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। যার প্রভাব বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যেও এসে পড়েছে। এ অবস্থায় মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ সতর্কতা থাকার নির্দেশ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
তিনি রবিবার (২৮ জানুয়ারি) বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীন উখিয়ার পালংখালী বিওপি এবং নাইক্ষ্যংছড়ির তুমব্রু বিওপি ও ঘুমধুম সীমান্ত এলাকা এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন হোয়াইক্যং বিওপি ও তৎসংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করে এ নির্দেশনা দেন তিনি।

Leave a Reply