এইচএসসিতে পাসের হার ৭৬.৪৯ শতাংশ, গত বছরের চেয়ে কমেছে ১৫.১৭ শতাংশ পয়েন্ট
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এ ফল বিপর্যয়ের পেছনে শিক্ষক সংকটকে প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ আব্দুল হান্নান। তাঁর দাবি, শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এমনকি উচ্চমাধ্যমিক পর্যায়ে গণিত বিষয়ে পাঠদানের জন্য এ প্রতিষ্ঠানে কোনো শিক্ষক পদও সৃষ্টি করা হয়নি।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে A ni৩৩৬ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫৭ জন। অকৃতকার্য হয়েছেন ৭৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র তিনজন। তাঁদের মধ্যে বিজ্ঞান বিভাগের একজন ও মানবিক বিভাগের দুজন রয়েছেন। বিভাগভিত্তিক পাসের হার বিজ্ঞান বিভাগে ৮১ শতাংশ, মানবিক বিভাগে ৮৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ শতাংশ।
গত বছরের ফলাফলের সঙ্গে তুলনা করলে এ অবনতির চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। ২০২৫ সালে এ প্রতিষ্ঠান থেকে ২৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন ২৬৪ জন। পাসের হার ছিল ৯১ দশমিক ৬৬ শতাংশ। সে তুলনায় এবার পাসের হার কমেছে ১৫ দশমিক ১৭ শতাংশ পয়েন্ট। ফলাফলের এ অবনতিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ আব্দুল হান্নান জানান, বর্তমানে তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাত্র ২৭ জন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুই শিফটে চলে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। ফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পাঠদানে ঘাটতি তৈরি হচ্ছে। বিশেষ করে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক শিক্ষক সংকট শিক্ষার গুণগত মান উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানে পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, ইসলাম শিক্ষা, হিসাববিজ্ঞান, বাংলা, ব্যবস্থাপনা, চারু ও কারুকলা, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইংরেজি, অর্থনীতি, জীববিজ্ঞান, রসায়ন ও পৌরনীতিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষক রয়েছেন। তবে তাঁদের অনেককেই কলেজের পাশাপাশি অন্যান্য শ্রেণিতেও পাঠদান করতে হচ্ছে। এতে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়মিত ও পর্যাপ্ত পাঠদান ব্যাহত হচ্ছে।
প্রতিষ্ঠান সূত্রে আরও জানা গেছে, মাধ্যমিক পর্যায়ের জন্যও পর্যাপ্ত শিক্ষক নেই। শরীরচর্চা, হিন্দুধর্ম, সমাজবিজ্ঞান, কম্পিউটার শিক্ষা, ইসলাম ধর্ম, কৃষিশিক্ষা ও বিজ্ঞানসহরচ বিভিন্ন বিষয়ে শিক্ষকরা দায়িত্ব পালন করছেন। দুই শিফটে বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তাঁদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, যশোর শিক্ষা বোর্ডের অধীনে মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগে বোর্ডের অর্থায়নে জমি কেনা ও রপাঠদান কার্যক্রম শুরু হয়। প্রাথমিক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ১৮ জন শিক্ষক নিয়ে এর কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি সরকারি করা হলে কাগজপত্রের ত্রুটি ও বিভিন্ন জটিলতার কারণে ১৬ জন শিক্ষক এবং দুজন কর্মচারী এ প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের যোগ্যতা হারান। এরপর শূন্য পদগুলোতে নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়ায় সংকট আরও প্রকট হয়েছে।
অধ্যক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানের শুরু থেকে কর্মরত শিক্ষকদের নিয়োগপত্রে অন্য প্রতিষ্ঠানে বদলির সুযোগ না থাকায় শিক্ষক ব্যবস্থাপনাতেও জটিলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতির প্রভাব পড়ছে পাঠদান কার্যক্রমে।
শিক্ষক সংকটের বিষয়টি সমাধানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার অবহিত করেও কোনো কার্যকর ফল পাননি বলে জানান অধ্যক্ষ। এ অবস্থায় প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও ফলাফলের মান ফিরিয়ে আনতে যশোরের প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।



Leave a Reply