স্মরণকালের সবচেয়ে বড় রদবদল চলছে পাকিস্তানের ক্রিকেটে। সেই রদবদলের পালায় এবার পদত্যাগ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ।
শুক্রবার (১৯ জানুয়ারি) লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে সভা শেষে এই ঘোষণা দেন তিনি।
গত বছরের জুলাইয়ে পিসিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) প্রধান হিসেবে নিয়োগ পান জাকা। ১০ সদস্যের সেই কমিটিকে বোর্ড অফ গভর্নর ও সভাপতি নির্বাচনের আয়োজন করার জন্য চার মাস সময় দেওয়া হয়েছিল।
এরপর গত নভেম্বরে এই কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়ান পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক। সেই হিসেবে ফেব্রুয়ারির শুরুতে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই এই সিদ্ধান্ত নিলেন তিনি।
২০২৩ এশিয়া কাপ এবং বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর থেকে জোর পরিবর্তন চলছে পাকিস্তান ক্রিকেটে। জাকা আশরাফের অধীনে অধিনায়ক থেকে নির্বাচক সবকিছু যেন ঢেলে সাজানো হয় পাকিস্তান। এবার পিসিবি সভাপতির পদ ছেড়ে দিলেন জাকা।
এদিকে জাকা আশরাফের পর দ্য গ্রিন ম্যানদের বোর্ড প্রধান হিসেবে কে দায়িত্ব নেবেন, সেটা এখনও জানা যায়নি।





অনলাইন আরটিভি নিউজ ডেস্ক
Leave a Reply