যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার-ডিপিইও মোফাজ্জল হোসেন খানের অস্বাভাবিক আচরণে অতিষ্ঠ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ক্ষোভের আগুনে ফুঁসছে। যশোরের গোটা প্রাথমিক শিক্ষা বিভাগ জুড়েই এখন ক্ষোভের আগুন। ডিপিইও যখন তখন যাকে তাকে অপমান অপদস্ত করছেন। তার অপমান, অপদস্তমূলক আচরণ সকল সীমা অতিক্রম করেছে-এমন অভিযোগ ভুক্তভোগীদের। তাকে আদর-আপ্যায়নে কোনো রকম ঘাটতি হলে রক্ষে নেই। তিনি যেখানেই যাবেন সেখানেই তাকে জমপেশ রিসিপশন দিতে হবে। এর ব্যত্যয় ঘটলেই মারমুখী আচরণ করছেন তিনি। যার সর্বশেষ ঘটনা ঘটেছে মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে।
একাধিক সূত্র জানিয়েছে, সোমবার মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিদ্যালয় পরিদর্শনে যান ডিপিইও মোফাজ্জল হোসেন খান। গত ১৪ ডিসেম্বর মণিরামপুরে যোগদান করা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-ইউপিইও আব্দুল মোত্তালেবকে মোবাইল ফোনে ১০ মিনিটের মধ্যে যাচ্ছেন বলে জানান। সেই অনুযায়ী ইউপিইও আব্দুল মোত্তালেব প্রস্তুতি নেন। কিন্তু ডিপিইও সেখানে যান দেড় ঘণ্টা পর। ততক্ষক্ষে ইউপিইও তার অফিসিয়াল কাজকর্মে জড়িয়ে যান। ফলে, দেড় ঘণ্টা পরে যাওয়া ডিপিইওকে রিসিভ করতে পারেননি তিনি। এ কারণে চরম ক্ষিপ্ত হন ডিপিইও মোফাজ্জেল হোসেন। তিনি অফিসে প্রবেশ করেই নতুন ইউপিইও আব্দুল মোত্তালেবকে অশালীন ভাষায় আক্রমণ করেন। তার সামনেই মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিকে বলেন,‘ইউপিইও আব্দুল মোত্তালেব আমাকে রিসিভ করেনি। তাকে খাগড়াছড়ি বদলি করে দেন।’ এ কথা শুনে প্রতিবাদ করেন ইউপিইও। তিনি ডিপিইও’র কাছে তার অপরাধ জানতে চান। তখন তেলেবেগেুনে জ্বলে গিয়ে আরও অশালীন ভাষা প্রয়োগ করেন বলে সূত্রের দাবি।
ডিপিইও কেবল উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে অশালীন আচরণ করেননি, তিনি অফিস সহকারী শাহাদাত হোসেনকে দোতলা থেকে ফেলে দেয়ার নির্দেশ দেন বলে সূত্র জানিয়েছে। এদিন সন্ধ্যা ছয়টায় তিনি উপজেলার ভোজগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। যদিও স্কুলের নির্মাণাধীন ভবন পরিদর্শনে যান বলে জানিয়েছেন ডিপিইও মোফাজ্জল হোসেন। এর আগে তিনি মণিরামপুরের ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুককে বাথরুমে আটকে রাখা এবং টেবিলের নীচে মাথা দিয়ে রাখার কথা বলেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ডিপিইও’র আচরণে বর্তমানে যশোর জেলাজুড়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন ‘তিনি চরম উগ’্র। সংশ্লিষ্টরা ডিপিইও মোফাজ্জল হোসেনকে মানসিক নির্যাতনকারী হিসেবেও উল্লেখ করেছেন। তার কারণে গোটা জেলার প্রাথমিক শিক্ষা বিভাগে স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যেটুকু হচ্ছে সেটি তার অত্যাচারের ভয়ে।
নানা অভিযোগ পেয়ে খোাঁজ খবওে নেমে জানা যায়, মোফাজ্জল হোসেন খান গত ১৮ অক্টোবর রাতে যশোরে পৌঁছে সরাসরি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের গেস্টরুমে উঠে নানা অজুহাতে কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ভীতিকর অবস্থা তৈরি করেন।১৯ অক্টোবর তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেই ডিপিইও অফিসের ক্যাশিয়ার আলমগীরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে বদলি করার জন্য অধিদপ্তরে ফোন করেন। এটি নিয়ে কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষকদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
২৯ অক্টোবর তিনি শহরের কারবালা স্কুলে ডেঙ্গু প্রতিরোধের র্যালিতে অংশগ্রহণ শেষে ভিজিটের সময় বোরখা ও হিজাব পরা শিক্ষিকাদের সাথে অশালীন আচরণ করেন।৩০ অক্টোবর ডিপিইও শহরের পুরাতন কসবা বালিকা বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধের র্যালিতে অংশগ্রহণ করতে সকাল ১০ টায় যাবেন বলে সময় দেন। কিন্তু যান দুপুর একটার দিকে। ফলে, দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা দু’শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর চেয়ারে বসা নিয়ে সকলের সামনে ওই স্কুলের নারী প্রধান শিক্ষককে অপদস্ত করেন। কেবল তাই না, তার চাহিদা মতো দুধ চা আনতে দেরি হওয়ায় তিনি একজন সহকারী শিক্ষকের সাথে দুর্ব্যবহার করেন বলে সূত্র জানিয়েছে।
সূত্র আরো জানিয়েছে, গত ২৩ অক্টোবর চৌগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ভিজিট করেন ডিপিইও। ওইদিন বিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও চৌগাছা মডেল স্কুলের শিক্ষকদের বিদ্যালয়ে ডেকে এনে চরম দুর্ব্যবহার করেন এবং প্রধান শিক্ষককে ‘পাগল’ বলে তিরস্কার করেন।২৮ অক্টোবর দুর্গাপূজার ছুটির মধ্যে যশোর পৌরসভার বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সভা করেন তিনি। সকাল ১০ টায় সভা ডেকে কোনো কারণ ছাড়াই দুপুর ১২ টার পর শুরু করেন। ওইদিন দীর্ঘক্ষণ বসে থেকে একজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন।
৩১ অক্টোবর সদর উপজেলার হালসা স্কুল ভিজিটের সময় তিনি শিক্ষকর্দে সাথে দুর্ব্যবহার করেন। ফুল শার্ট এবং পায়ে সু না থাকায় সহকারী শিক্ষক মোস্তাফিজকে গালিগালাজ করেন। নারী প্রধান শিক্ষককে অকর্মন্য বলে অপদস্ত করেন।মোফাজ্জল হোসেন যশোরে যোগদানের দিন থেকে ত্রাস সৃষ্টি করে নানা ধরনের অনৈতিক সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের। খোজ নিয়ে জানাগেছে, যশোওে আসার পর থেকে শিক্ষকদের বাড়ি হতে খাবার এনে খেয়ে যাচ্ছেন। এই খাবার কয়েক হাত বদল হয়ে পৌঁছে যাচ্ছে অফিসের তৃতীয় তলায় তার বসবাসের জায়গায়। সদর উপজেলার একজন সিনিয়র সহকারী শিক্ষা কর্মকর্তা এসব ব্যবস্থা করে দিচ্ছেন বলে সূত্র নিশ্চিত করেছে। পান থেকে চুন খসলে অধীনস্তদের নামে বিভাগীয় মামলা দিবেন, বদলি করবেন, চাকরি খেয়ে নিবেন বলে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন ডিপিইও।
তিনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান বিকেল ৩টা ৪৫ মিনিটে। এই বিদ্যালয়টি এক শিফটে পরিচালিত হয়। রুটিন অনুযায়ী, এক শিফটের বিদ্যালয় ৩ টা ৩০ পর্যন্ত খোলা রাখার কথা। অথচ ৩ টা ৪৫ মিনিটে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের না পেয়ে ক্ষিপ্ত হয়ে অশালীন আচরণ করেন। পরে কেন ৩ টা ৩০ মিনিটে ছুটি দেয়া হলো তা জানতে চেয়ে প্রধান শিক্ষককে শোকজ করেন, যা বিধি বহির্ভূত বলে শিক্ষক নেতারা বলছেন।সদর উপজেলার চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কাবিং কার্যক্রম ঢিলেঢালাভাবে চলছে অভিযোগ তুলে কাব শিক্ষক প্রঞ্জয় কুমারের বেতন বন্ধ করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেনকে নির্দেশ দেন মোফাজ্জল হোসেন খান। তার নির্দেশে প্রঞ্জয় কুমারের বেতন বন্ধ করা হয়। কাবিং কার্যক্রমের জন্য কোনো শিক্ষকের বেতন বন্ধ করা বাংলাদেশে এটিই প্রথম বলে শিক্ষক নেতারা জানিয়েছেন।
শিক্ষকরা বলছেন সদ্য সাবেক ডিপিইও শেখ অহিদুল আলম শিক্ষকদের বাড়ি বাড়ি পেনশন, পিআরএলের অর্ডার পৌঁছে দিতেন। অথচ বর্তমানে অর্ডার বাড়ি পৌঁছে দেয়াতো দূরের কথা; নানা অজুহাতে পেনশন-পিআরএলের ফাইল ফেরত দিয়ে হয়রানি করা হচ্ছে। এভাবে কৌশলে অর্থ দাবি করা হচ্ছে বলে শিক্ষকদের অভিযোগ। ইতিমধ্যে ডিপিইও সদর উপজেলার একজন, চৌগাছার তিনজন ও মণিরামপুরের দু’জন শিক্ষকের ফাইল ফেরত দিয়েছেন বলে সূত্র জানিয়েছেন।
যোগদানের পর থেকে তিনি যশোরের শিক্ষক-কর্মকর্তাদের দেয়া খাবার খাচ্ছেন। কোনোদিন সামান্যতম অসুবিধা হলে তিনি যশোরের মানুষকে ‘রিফিউজি’ আখ্যা দিচ্ছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। একাধিক সূত্র নিশ্চিত করেছেন, যোগদানের পর থেকে তিনি বিভিন্ন শিক্ষককে খাবার সরবরাহ করতে বাধ্য করছেন। কেবল তাই না, তাকে নিয়মিত প্যাকেট প্যাকেট সিগারেট সাপ্লাই দিতে হচ্ছে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের-এমন অভিযোগ ভুক্তভোগীদের।
সূত্রমতে, যেসকল শিক্ষক এলপিআর, পেনশন, ছুটিসহ অন্যান্য কাজে অফিসে আসছেন তাদের সারাদিন বসিয়ে রেখে সন্ধ্যার পর তার কক্ষে ডেকে ঠুনকো অভিযোগে গালিগালাজ করছেন। এরপর আবেদনে নানা ধরনের ভুল ধরে ফাইল ছুড়ে দিয়ে নাজেহাল করছেন প্রতিনিয়ত।
ডিপিইও মোফাজ্জেল হোসেন সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে প্রায় ব্যবহার করছেন। এই গাড়ি নিয়ে তিনি প্রতিনিয়ত এখানে সেখানে বেড়াচ্ছেন, ফিরছেন অনেক রাতে। এসব নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।এসব বিষয়ে ডিপিইও মোফাজ্জেল হোসেন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন,‘কাজ করানোর স্বার্থে ভালো-মন্দ কথাবার্তা বলতে হয়। যেটুকু হচ্ছে তার চেয়ে বাড়িয়ে বলা হচ্ছে।’

অনলাইন ডেস্ক
Leave a Reply