এদিকে, একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত লাগোয়া ইসরায়েলের সামরিক বাহিনীর ছয়টি অবস্থানে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত শনিবার উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় মোতায়েন করা সৈন্যদের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি লেবাননের সাথে যুদ্ধে ইসরায়েলের জড়িয়ে পড়ার কোনও আগ্রহ নেই বলে জানিয়েছেন তিনি। তবে তিনি বলেছেন, ‘‘আমরা প্রত্যেকটি মিশনের জন্য প্রস্তুত।’’
গ্যালান্ত বলেছেন, ‘‘হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ যদি কোনও ভুল করেন, তাহলে ইসরায়েলি বাহিনী লেবাননের ভাগ্য নির্ধারণ করে দেবে।’’হামাস-ইসরায়েলের যুদ্ধের মাঝে ইসরায়েল-লেবানন সীমান্তে এই সংঘর্ষ নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। চলমান যুদ্ধের সম্প্রসারণের শঙ্কাও রয়েছে।
ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা
শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় বেশ কয়েকটি হামলার খবর দেওয়া হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে ইসরায়েলে এসব হামলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন সীমান্তের কাছাকাছি ইসরায়েলের দিশোন এবং মালকিয়ার গ্যালিলির একাধিক এলাকায় রকেটের সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের অন্যান্য মিত্রদের দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলে তীব্র রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার মাঝে বাসিন্দাদের সতর্ক করছে কর্তৃপক্ষ।
শনিবার উত্তর ইসরায়েলের রোশ হানিকরা এলাকায় কয়েকটি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। তবে এই শহরে বাসিন্দাদের সতর্ক করে দিতে সাইরেন বাজানো হয়নি।
রকেট হামলায় রোশ হানকিরায় কেউ আহত হননি বলে জানিয়েছে আইডিএফ। সৈন্যরা লেবাননের ভূখণ্ডে রকেটের উৎস লক্ষ্য করে গোলাবারুদ নিক্ষেপ করছেন।
হিজবুল্লাহর ৫৭ সদস্য নিহত
হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ শুক্রবার বলেছেন, ইসরায়েলের সাথে সংঘাতে হিজবুল্লাহর এখন পর্যন্ত ৫৭ সদস্য নিহত হয়েছেন।
গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৯ হাজার ৬১ জনে। নিহতদের অধিকাংশই শিশু-নারী ও বেসামরিক লোকজন। আর হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন।

Leave a Reply