মাদারীপুর-৩ (সদর ও কালকিনি) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বুধবার (২৫ অক্টোবর) ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।সৈয়দ আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে ও ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন।
তিনি জানান, সৈয়দ আবুল হোসেন মঙ্গলবার সন্ধ্যায় হার্টের ‘সিভিয়ার প্রবলেম’ নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু বুধবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরের ডাসার গ্রামে জন্মগ্রহণ করেন। আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আবুল হোসেন। আরও তিন মেয়াদে ওই এলাকার সংসদ সদস্য ছিলেন তিনি।২০০৯ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশের যোগাযোগমন্ত্রী ছিলেন। এর আগে ১৯৯৬-৯৭ সালে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন তিনি।
সৈয়দ আবুল হোসেন স্ত্রী খাজা নার্গিস, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে মাদারীপুর জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, সৈয়দ আবুল হোসেনের চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। তিনি ছিলেন ডাসার উপজেলার রুপকার। তার মাধ্যমেই ডাসার উপজেলার জন্ম হয়েছে। শুধু তাই নয় তিনি এ জেলায় বহু শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করে গেছেন, যা ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত রাখবেন।
সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মো. সালাউদ্দিন, ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বাবু,
কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।সৈয়দ আবুল হোসেনের মরদেহ আজ বিকেলে মাদারীপুরে আনা হবে। পরে ডাসার উপজেলায় জানাজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply