বৃষ্টি আইনে সিরিজের প্রথম ম্যাচে হার। আশায় বুক বাধা দর্শকদের কায়মনে প্রত্যাশা ছিল দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনবে টাইগাররা। কিন্তু ছন্নছাড়া ব্যাটিংয়ে আশার তরীর সলিল সমাধি ঘটলো চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। ১৪২ রানের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিলো আফগানরা। আফগানিস্তানের রান পাহাড়ে চাপা পড়ে বাংলাদেশের বড় হার নিশ্চিত হয়ে যায় ব্যাটিংয়ের শুরুর দিকেই। ৩৩২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ফারুকী, রশিদ, মুজিবদের তোপে ৭২ রানেই ৬ উইকেট হারিয়ে বসে টাইগাররা।
তারপর ছিল কেবল পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা। তবে ১৮৯ রানে নবম উইকেটের পতনেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বোলিংয়ের সময় চোট পেয়ে উঠে যাওয়া ইবাদত হোসেন নামবেন না বলে ম্যাচ শেষ হয়ে গেছে সেখানেই। এখন লক্ষ্য ঘরের মাঠে আফগানদের কাছে ধবল ধোলাইয়ের লজ্জা থেকে বাঁচা।
চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাই টস জেতার পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেননি অধিনায়ক লিটন দাস। বরং, আফগানিস্তানকে বেকায়দায় ফেলতে বল হাতে তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু তার এ সিদ্ধান্ত বুমেরাং হয়ে ওঠে সময় গড়ানোর সাথে সাথে। আফগানদের বেকায়দায় ফেলা দূরে থাক।
দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানকেই আউট করতে রীতিমত ঘাম ঝরেছে টাইগারদের। শুধু জুটি গড়াই নয়, মারমুখী ব্যাটিংয়ে আফগানিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার।
ওপেনিং জুটিতে ২৫৬ তোলা ইব্রাহিম জাদরান আর রহমানুল্লাহ গুরবাজের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ৩৩১ রানের পাহাড় গড়ে আফগানরা।বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল বাংলাদেশ। প্রথম ওভারটা আফগান ফজল হক ফারুকীকে মেইডেন দিয়ে শুরু করেন নাইম শেখ। দ্বিতীয় ওভারে স্পিন আক্রমণে নিয়ে আসেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। ওই ওভারে মুজিব উর রহমানকে টানা দুই বাউন্ডারি হাঁকান লিটন।
এরপরই অবশ্য বিপদে পড়তে যাচ্ছিলেন। বল প্যাডে লাগলে আফগানদের আবেদনে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। তবে লিটন সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নেন। রিপ্লেতে দেখা যায় বল প্যাডে আঘাত হানার সঙ্গে লেগেছে ব্যাটেও। ব্যক্তিগত ৮ রানের মাথায় বেঁচে যান লিটন। তবে সেই জীবন কাজে লাগাতে পারেননি। আফগান পেসার ফারুকীকে পুল করতে গিয়ে মিডউইকেটে সহজ ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ১৫ বলে ৩ বাউন্ডারিতে তিনি করেছেন ১৩ রান।
এরপর নাজমুল হোসেন শান্ত আউট হন ১ রান করেই। মুজিব উর রহমানের ঘূর্ণি বল বুঝতে না পেরে স্টাম্প উড়ে যায় শান্তর। ২৭ বলে ৯ করেন দীর্ঘদিন পর দলে ফেরা নাইম শেখ, তার স্টাম্প উড়িয়েছেন ফারুকী। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। অভিজ্ঞ সাকিব আল হাসান আর তরুণ তাওহিদ হৃদয় সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু ৫০ বলে তাদের ৪০ রানের জুটিতে ভাঙন ধরান রশিদ খান নিজের প্রথম ওভারেই। তার দুর্দান্ত গুগলি বুঝতে না পেরে বোল্ড হন হৃদয়। ৩৪ বলে ২ বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন তিনি। চাপের মুখে সাকিব খেলছিলেন দায়িত্ব নিয়েই। কিন্তু ১৮তম ওভারে আম্পায়ার্স কলে ফিরতে হয় তাকে।
মোহাম্মদ নবির বলে এলবিডব্লিউয়ের আবেদন হলে আঙুল তুলে দেন আম্পায়ার। কিন্তু রিপ্লেতে দেখা যায় বল প্রায় লেগস্টাম্প বেরিয়েই যেতো, একটুখানি পেয়েছে। আম্পায়ারের সিদ্ধান্তে আউট হয়। ২৯ বলে ৩ চারে সাকিবের ইনিংসটি ছিল ২৫ রানের। পরের ওভারে ‘গোল্ডেন ডাক’ আফিফ হোসেন ধ্রুবর। রশিদ খানের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। সেখান থেকে মিরাজ আর মুশফিকের লড়াই যা একটু পরাজয়ের ব্যবধান কমিয়েছে।
সপ্তম উইকেটে মুশফিকুর রহিম আর মেহেদি হাসান মিরাজ গড়েন ১০৮ বলে ৮৭ রানের লড়াকু এক জুটি। তাদের এই জুটিটি শেষ পর্যন্ত ভেঙেছেন মুজিব। আফগান অফস্পিনারকে তুলে মারতে গিয়ে লংঅনে ক্যাচ হন মিরাজ। ৪৮ বলে তার ২৫ রানের ইনিংসে ছিল ২টি বাউন্ডারি। ৮৫ বলে ৬৯ রান করে ফারুকীর বাউন্সারে পুল করতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন মুশফিক। সেখানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।


অনলাইন ডেস্ক
Leave a Reply