লালমনিরহাট নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সুভাষ চন্দ্র বর্মনের দুর্নীতি সংক্রান্ত সচিত্র সংবাদ বাংলাদেশ বুলেটিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশের পর নড়েচড়ে বসেছেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী।জানা যায়, গত ২২ জুন নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে সরেজমিন পরিদর্শনে যান লালমনিরহাট প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী এবং গত ২৫ জুন তিনি পরিদর্শন প্রতিবেদন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে প্রেরণ করেন। তার এ পরিদর্শনে বেড়িয়ে এসেছে বিদ্যালয়ের প্রকৃত চিত্র।
তিন পৃষ্ঠার পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, লালমনিরহাট নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়টি ২০০৬ সালে গোশালা সোসাইটি চত্ত¡রে যাত্রা শুরু করে। ২০২১ সালে উক্ত বিদ্যালয়ের ১২জন শিক্ষক-কর্মচারি এমপিওভূক্ত হন। বিভিন্ন কারণে এমপিও থেকে বাদ পড়ে যান ৫ জন শিক্ষক-কর্মচারি। বিদ্যালয়ে মোট অনুমোদিত শিক্ষক-কর্মচারির সংখ্যা দাড়ায় ১৭ জন। প্রতিবেদনে বিদ্যালয়ের মোট শিক্ষক-কর্মচারির সংখ্যা দেখানো হয়েছে ৬২ জন।
বিদ্যালয়টি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ক্যাটাগরীর বিশেষ বিদ্যালয় হওয়ায় এ বিদ্যালয়ে শুধুমাত্র বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী থাকার কথা এবং শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত থাকার কথা ১ ঃ ১৫ (একজন শিক্ষকের বিপরীতে ১৫ শিক্ষার্থী)। কাঙ্খীত এ অনুপাত অনুযায়ী ৬২ জন শিক্ষক-কর্মচারির বিপরীতে উক্ত বিদ্যালয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী থাকার কথা কমপক্ষে ৬০০ জন, অথচ বিদ্যালয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র ৫৭ জন। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা যা-ই দেখানো হোক না কেন, পরিদর্শনের সময় শিক্ষার্থী উপস্থিত পাওয়া গেছে মাত্র ৩৪ জন শিক্ষার্থী, যা থেকে এ বিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা সহজেই অনুমান করা যায়।

বিদ্যালয়ে বিদ্যমান বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী ৫৭ জন এর ১ ঃ ১৫ অনুপাত অনুযায়ী উক্ত বিদ্যালয়ে ৪ জন শিক্ষকেরও প্রাপ্যতা নেই, অথচ ইতোমধ্যে ১২ জন শিক্ষক-কর্মচারি সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এমপিওভূক্ত হয়ে বেতন-ভাতা পাচ্ছেন। বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ শিক্ষক-কর্মচারিই যথেষ্ট থাকলেও জালিয়াতিমূলক নিয়োগ বাণিজ্যের ফসলস্বরূপ শিক্ষক-কর্মচারির সংখ্যা উপণীত হয়েছে ৬২ জনে।
বিদ্যালয়ে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯ এর ধারা ১২ অনুসারে ব্যবস্থাপনা কমিটি গঠনের কথা থাকলেও প্রতিবেদনে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০০৯ এর ধারা ১০ অনুসারে কমিটি গঠন করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এ বিদ্যালয়ে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯ এর ধারা ১২ অনুসারে গঠিত কোনো ব্যবস্থাপনা কমিটি না থাকায় পরিদর্শনকারী কর্মকর্তা অনৈতিক সুবিধা নিয়ে ব্যবস্থাপনা কমিটি সংক্রান্ত ধামাচাপামূলক তথ্য প্রদান করেছেন। উল্লেখ্য যে, বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি না থাকায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক গত বছরের ০৮ সেপ্টেম্বর লালমনিরহাট জেলা প্রশাসককে নীতিমালা অনুসারে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি গঠনের জন্য তাগিদ প্রদান করা হয়, যা এখনও গঠিত হয়নি।
বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত সংবাদ পর্যালোচনায় দেখা যায়, লালমনিরহাট নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক/প্রধান শিক্ষক (অবৈতনিক) পরিচয় দানকারী সুভাষ চন্দ্র বর্মন প্রকৃতপক্ষে উক্ত বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত কোন শিক্ষক নন, বিদ্যালয়ের এমপিও তালিকায় তো দূরের কথা অনুমোদিত বা অনুমোদনহীন কোনো শিক্ষক তালিকায়ও তার নাম উল্লেখ নেই। তাছাড়া জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বা সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে তাকে কোনো সময়ই পরিচালক/প্রধান শিক্ষক (অবৈতনিক) এর দায়িত্ব প্রদান করা হয়নি। অথচ তিনি বিদ্যালয়ের পরিচালক/প্রধান শিক্ষক (অবৈতনিক) পরিচয়ে সমাজকল্যাণ মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নিয়োগের নামে চালিয়ে যাচ্ছেন প্রতারণা আর অর্থ লোপাটের মহোৎসব। গত দেড় মাসেই এমপিওভূক্ত করণের জন্য মন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রদানের কথা বলে জালিয়াতিমূলক ভাবে
নিয়োগ দেয়া শিক্ষক-কর্মচারিদের কাছ থেকে নিয়েছেন প্রায় কোটি টাকা। এখনও চলছে তার অর্থ লোপাটের মহোৎসব। এসব শিক্ষক-কর্মচারিদের বিশ^াস অর্জনের জন্য সাথে রেখেছেন লালমনিরহাট জেলা সমাজ সেবা কার্যালয়ের বড়বাবু মোসলেম উদ্দীনকে। অন্যদিকে মোটা অংকের অর্থের বিনিময়ে মন্ত্রীর সুপারিশ নিয়ে দিচ্ছেন জেলার আদিতমারী উপজেলাধীন মন্ত্রীর আস্থাভাজন জনৈক নেতা। আর এ সুপারিশ পত্রই হচ্ছে তার প্রতারণার প্রধান হাতিয়ার। মন্ত্রী এমপিওভূক্ত করতে রাজী হয়েছেন, ফাইলে স্বাক্ষর করেছেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে ফাইল অনুমোদিত হয়েছে, ফাইল সচিবের টেবিলে পুটআপ দেয়া হয়েছে, সচিবের অনুমোদন হলেই এমপিওভূক্তি, এ সরকারের আমলে এটাই শেষ সুযোগ ইত্যাদি নানা কথার ফাঁদে নিঃস্ব হচ্ছেন এমপিও প্রত্যাশী শিক্ষক-কর্মচারিরা।
ইতিমধ্যে মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের হয়েছে এবং সুভাষ চন্দ্র বর্মনের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি, স্বেচ্ছাচারিতা, মানসিক নির্যাতন, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণা সহ মোটা অংকের অর্থ আত্মসাতের বিষয়ে বাংলাদেশ বুলেটিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক তথ্য-প্রমাণাদি সহ সুভাষ চন্দ্র বর্মনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ০৯ ফেব্রæয়ারি লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবরে এবং গত ০২ মার্চ তারিখে দুর্নীতি দমন কমিশন বরাবরে লিখিতভাবে অভিযোগ করেছেন। দুদকের অভিযোগটি বর্তমানে আমলে নেয়ার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
এমপিওভূক্তির জন্য অপেক্ষমান কয়েকজন শিক্ষক-কর্মচারি নাম প্রকাশ না করার শর্তে জানান, সুভাষ চন্দ্র বর্মনের চাওয়া পূরণ করতে করতে আমরা প্রায় সর্বশান্ত হয়ে গেছি। এখনও নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ রেজুলেশন, নিয়োগপত্র, যোগদানপত্র, কিছুই পাইনি। তিনি কিভাবে কি করছেন তিনিই ভালো জানেন। তবে ঠিকমতো টাকা দিতে পারলে সেপ্টেম্বরের মধ্যেই সবাইকে এমপিওভূক্ত করাতে পারবেন বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সুভাষ চন্দ্র বর্মনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অনেক কষ্ট করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। এতো লেখালেখি করে কি করবেন! আসেন চা খাই।পরিদর্শনকারী লালমনিরহাট প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী জানান, সরেজমিন পরিদর্শন পূর্বক প্রতিবেদনে বিদ্যালয়টি সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করেছি।


Leave a Reply