চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সহ আমের জন্য বিখ্যাত এই জেলা থেকে আম সংগ্রহ করে পাল্পিং কার্যক্রম শুরু করেছে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোং লিঃ এর গোমস্তাপুর কারখানা। সারাবছর ধরে ম্যাংগো ড্রিংক, জুস, ম্যাংগো বারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করতে এ আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।
আজ মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১ টায় ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ (ফিটু মিয়া)র সভাপতিত্বে ও বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিউল আলম স্যামল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুরে অবস্থিত চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোং লিমিটেডের কারখানায় এই আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চলতি বছর ০৭ হাজার মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চাঁপাই এগ্রো। আরও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলি, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।

চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ (ফিটু মিয়া) বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, শিবগঞ্জ, ভোলাহাট সহ আশপাশের অঞ্চল আমের জন্য বিখ্যাত।
এসকল উপজেলা থেকে আম সংগ্রহ করে চাঁপাই এগ্রো পাল্প তৈরী করা হয়। আমাদের তৈরি পাল্প আমেরিকা নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। আকিজ, প্রাণ গ্রুপ এর চেয়ে আমাদের কারখানার পাল্পের গুণগত মান কোন অংশে কম নয়। ময়লা পানি বিশুদ্ধ করার প্রসেসিং চলছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহস্রাধিক পুরুষ মহিলা কর্মরত আছে।
উল্লেখ্য, এসব উপজেলা থেকে গুটি আম সংগ্রহ করে কারখানায় পাল্পিং করা শুরু হয়েছে, যা চলবে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত। এরপর আশ্বিনা আম থেকে পাল্প সংগ্রহ শুরু হবে। কারখানায় আম সংগ্রহ চলবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমের সরবরাহ থাকা সাপেক্ষে’।

Leave a Reply