একদিকে রমজান অন্যদিকে লোডশেডিং তার সাথে পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। তীব্র গরমে নাভিশ্বাস উঠছে মানুষের জনজীবনে।
ঘরে-বাইরে, দিন কি রাত প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। টানা তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছেন সবাই। এই গরমে যশোরের বাজারে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) এবং এয়ারকুলারের বিক্রি সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ। পাশাপাশি চার্জার ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যানেরও বিক্রি বেড়েছে। সাথে বেড়েছে ফ্রিজ বিক্রিও। এই গরমে প্রায় প্রত্যেকটি ব্র্যান্ডের এসিসহ ইলেকট্রনিকস পণ্যে চলছে আকর্ষণীয় অফার।
কয়েকদিন আগেও ক্রেতার অপেক্ষায় থাকত এসির দোকানগুলো। আর এখন তারা ক্রেতা সামাল দিতে হিমশিম খাচ্ছেন। ঈদে নতুন পোশাকের চাইতেও এখন বেশি গুরুত্ব পাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। তবে দাম আগের তুলনায় একটু বেশি।
এদিকে এসি কেনার ক্ষেত্রে সবার পছন্দ বিদ্যুৎ সাশ্রয়ী এসি। ক্রেতারা বলছেন, এসি এখন কোনো বিলাসিতার বস্তু নয়, বৈশ্বিক উষ্ণতা ও বর্তমান পরিস্থিতিতে এটি এখন প্রয়োজনীয় একটি পণ্য।
সরজমিনে বুধবার দেখা গেছে শহরের ভিশন, ওয়ালটন, এলজি, মার্সেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন শোরুম ও ইলেকট্রনিকস পণ্যের সব দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। এসির পাশাপাশি অনেকে ইলেকট্রিক ফ্যানও কিনছেন।
বিক্রেতারা বলছে, চৈত্রের প্রচণ্ড তাপদাহের অস্বস্তিকর গরমে ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর ঠাণ্ডা রাখতে এখন এসি কিনতে আসছে অনেকেই। মধ্যবিত্তরাও এখন কিস্তিতে এসি কিনে নিচ্ছেন। যাদের এসি কেনার সামর্থ্য নেই তারা এয়ারকুলার ও ফ্যান কিনে নিচ্ছে। তাপমাত্রা বাড়ার পর এসির বিক্রি বেড়েছে কয়েকগুণ।
শহরের ঘোপ সেন্টাল রোডের শোরুমে এসি কিনতে আসা রাকিব হাসান বলেন, বাড়িতে এসি আছে। তবে সব রুমে ছিল না। এবার যে রুমে এসি ছিল, না সে রুমের জন্য এসি কিনতে এসেছি। তীব্র এ গরমে এসি ছাড়া থাকা কষ্টকর।
ওয়ালটন গাড়িখানা শাখার ম্যানেজার মিজানুর রহমান বলেন, প্রচণ্ড গরম ও রমজানে স্বস্তি পেতে অনেকেই এসির ব্যবস্থা করছেন ঘরে। এছাড়া দামে ও বিদ্যুতে সাশ্রয় এবং দেশি পন্য হওয়ার কারনে বিক্রিও ভাল। আর সামনে ঈদ উপলক্ষে এসির চাহিদা আরও বৃদ্ধি পাবে। তবে চাহিদা বাড়লেও এসির দাম বাড়েনি। বরং বিভিন্ন অফারে বিক্রি হচ্ছে এসি।
এদিকে ব্যবসায়ীরা জানান, এসির পাশাপাশি এখন ক্রেতারা ফ্যান ও চার্জার ফ্যানের পাশাপাশি চার্জার লাইট ও আইপিএসও কিনছেন।
মাইকপট্রির নিহা ইলেকট্রিকের প্রোপ্রাইটর নাজিম উদ্দিন বলেন, প্রচণ্ড দাবদাহের প্রভাব পড়তে শুরু করেছে ইলেকট্রনিক পণ্যের বাজারে। চার্জার ব্যাটারি, ফ্যান, চার্জার ফ্যান ইত্যাদির বিক্রি বেড়েছে। বিশেষ করে চার্জার ফ্যানের চাহিদা সবচেয়ে
বেশি। চাহিদা বৃদ্ধি পাওয়ায় দামও বেড়েছে।
Leave a Reply