অঙ্গের অভাবে বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার মানুষ মারা যায়। ৩০ বছর ধরে আমরা ব্রেন ডেথ রোগীর কাছ থেকে অঙ্গ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছিলাম না। অনেক সময় রোগীর আত্মীয় রাজি হয়েও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ফলে উদ্যোগ আর সফলতার মুখ দেখেনি। সারাহর মাধ্যমে একটি নবদিগন্তের সূচনা হলো।
আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) মানুষ যখন অন্তিম পর্যায়ে চলে যায়, তখন একসময় তার মস্তিষ্ক মারা যায় (ব্রেন ডেথ)। মস্তিষ্ক তখন আর কোনো কাজ করে না। সে সময় কৃত্রিমভাবে রোগীর হৃৎপিণ্ড ও ফুসফুস সচল রাখা হয়। যখনই এটি খুলে নেওয়া হয়, তখন মানুষটি মারা যায়। এমন উদাহরণও আছে, ৫ থেকে ১০ বছর ব্রেন ডেথ অবস্থায় রাখা হয়েছে। ব্রেন ডেথের ঘোষণা যখন করা হয়, তখন অনেকে কৃত্রিম ব্যবস্থা খুলে নিতে বলেন। কেউ কেউ আবার বলেন, হৃৎপিণ্ড কাজ করছে, ফুসফুস কাজ করছে, মানুষটা তো জীবিত—কেন খুলে ফেলব? এটা একটা আবেগের ব্যাপার।
একটা মানুষ যদি চায়, যদি উইল করে যায় অথবা তার আত্মীয়রা যদি রাজি হন, তাহলে ব্রেন ডেথ অবস্থায় রোগীর দেহ থেকে অঙ্গ নেওয়া যায়। একজন ব্রেন ডেথ মানুষের দেওয়া অঙ্গগুলোর মাধ্যমে আটজন মানুষের জীবন রক্ষা করা সম্ভব। দুটি কিডনি, দুটি ফুসফুস, একটি হৃদ্যন্ত্র, একটি অগ্ন্যাশয়, পূর্ণাঙ্গ অন্ত্রনালি ও যকৃৎ। এটা একটা বিশাল ব্যাপার।সূত্র: প্রথম আলো

Leave a Reply