গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে এই বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে কারখানার সামনে জমায়েত হয়ে আন্দোলন শুরু করেন উপজেলার ভান্নারা এলাকার এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকেরা। পরে তারা একটি মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি ঘোষণা করেন। পরবর্তীতে অন্যান্য কারখানার আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র , গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও কালিয়াকৈর উপজেলা স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ রওসন আলী (বাবু)
বলেন, এই মুহূর্তে কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন সঠিক নয়। কারণ ইতিমধ্যে বর্তমান সরকার শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে, যাহার কার্যক্রম চলমান রয়েছে। এই আন্দোলনের সাথে পোশাক শ্রমিক ফেডারেশনের কোন সম্পৃক্ততা নেই।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।



Leave a Reply