গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুর এলাকায় ঝটিকা মিছিল বের করে নাশকতা ও পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানা সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনে একদল নেতাকর্মী হঠাৎ ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা শিল্পাঞ্চল ও মহাসড়কে নাশকতা এবং পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা চালায়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— তারাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮),
৮ নং মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৪), জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক উপসম্পাদক আসিফ আহমেদ (২১) এবং কালিয়াকৈর পৌর ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহমেদ ইফতি (২১)।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিল্পাঞ্চল ও মহাসড়কে নাশকতা সৃষ্টির অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পেছনে আরও কারা জড়িত রয়েছে তা উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।


Leave a Reply