গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশার সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মা ছেলেসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যায় এবং মা ও ছেলেকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকার প্রবাসী হাসেম মিয়ার ছেলে আশাদুল ইসলাম (১৮) ও তার মায়ের পরিচয় প্রাথমিক ভাবে জানা গেছে। বাকিদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে চালকসহ ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি কালিয়াকৈর আসছিল। এসময় কাঞ্চনপুর এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিটি দুমড়েমুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন গিয়ে সিএনজিতে থাকা ২ যাত্রীকে মৃত উদ্ধার করেন। এছাড়াও তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে এক কিশোরকে মৃত্যু ঘোষণা করা হয়।
পরে মুমূর্ষ অবস্থায় এক নারীকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। চালক শাকিল আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চারজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
নিহতদের মধ্যে দুজনকে ঘটনাস্থল থেকেই স্বজনরা বাড়ি নিয়ে গেছে। আমরা সবার পরিচয় শনাক্ত করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Leave a Reply