লালমনিরহাট জেলায় সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলাকালে জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের গঠিত বিশেষ ভিজিলেন্স টিম জেলার পাঁচটি উপজেলার ২৫টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও তদারকি করেছে।
শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের ইংরেজি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনালের রসায়ন-২ (দ্বাদশ শ্রেণি), রসায়ন-১ (একাদশ শ্রেণি), বিএমটি শাখার হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ (দ্বাদশ শ্রেণি) এবং হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-১ (একাদশ শ্রেণি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসকদের সমন্বয়ে গঠিত বিশেষ ভিজিলেন্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ আফরোজা খাতুন লালমনিরহাট সদর উপজেলার কেন্দ্রসমূহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া আদিতমারী উপজেলার কেন্দ্রসমূহ,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব জি আর সরোয়ার কালীগঞ্জ উপজেলার কেন্দ্রসমূহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ রকিবুল হাসান হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় কর্মকর্তারা কেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি, কক্ষ ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পাশাপাশি পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, তাদের নিবিড় তদারকি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে দিনের সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

Leave a Reply