হাসপাতালে বেডের চেয়ে অতিরিক্ত রোগী থাকায় অনেকর ঠাঁই হয়েছে মেঝেতে। গভীর রাতে মেঝেতে যখন রোগী ও স্বজনরা ঘুমিয়ে পড়ে, তখন হাসপাতালের ভেতরে পুরুষ ওয়ার্ডে কুকুর ঢুকে শুকছে তাদের। এমন কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবিগুলো ভাইরাল হওয়ার পর হাসপাতালের পরিবেশ ও কর্তৃপক্ষের পর্যবেক্ষণসহ নানা বিষয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার ও সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করে লিখেছেন—রাতে হাসপাতালে রোগী পরিদর্শন করছে কুকুর।
খোঁজ নিয়ে জানা গেছে, চিত্রটি নীলফামারী জেলারেল হাসপাতালের। তীব্র শীতে ২৫০ শয্যার এই হাসপাতালটিতে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। এমন অবস্থায় বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় বেশির ভাগ রোগীর ঠাঁই হয়েছে মেঝেতে ও বাইরের বারান্দায়।
দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালের পরিবেশ ও পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ এমন অভিযোগ রোগী ও স্বজনদের। সেবার মান খারাপ, জনবল সংকটসহ নানাবিধ অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী ও তাদের স্বজনরা বলেন, এখানে কোনো পরিবেশ নাই। টয়লেট বা মেঝে অপরিস্কার থাকে। হুটহাট কুকুর ঢোকে। ডাক্তার এসে রোগী দেখে চলে যায়। পরিচ্ছন্নকর্মীর তো দেখাই মেলে না। তাছাড়া খাবার পানির বা কাপড় ধোঁয়ার জন্য বেগ পেতে হয়।
রিমন ইসলাম নামের একজন বলেন, হাসপাতালটি আমিও এক রাত ছিলাম আমার আত্মীয়ের অসুস্থতায়। এমন পরিবেশে সুস্থ কেউ থাকলেও অসুস্থ হয়ে যাবে।
সমাজকর্মী মারুফ খান বলেন, হাসপাতাল যেহেতু রোগ নিরাময় কেন্দ্র, সেহেতু সেখানের পরিবেশ অবশ্যই ভালো থাকা জরুরি। তবে নীলফামারীর জেনারেল হাসপাতালের চিত্রটি মোটেও গ্রহণযোগ্য নয়। এখানে কর্তৃপক্ষের নজরদারির অভাব রয়েছে, সেই সঙ্গে গার্ড বা রাতে যারা দায়িত্বে থাকেন তাদেরও অবহেলা রয়েছে। একজন সমাজকর্মী হিসেবে এর তীব্র নিন্দা জানাচ্ছি।
আরেকজন সমাজকর্মী শাকিল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে প্রতিনিয়ত পরিবেশ নিয়ে অভিযোগ থাকে, এটিও তার ব্যতিক্রম নয়। কর্তৃপক্ষ আরও সচেতন হওয়া উচিত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলো তুলেছেন রুবেল ইসলাম নামে বেসরকারি একটি ব্যাংকে কর্মরত একজন ব্যক্তি। তিনি বলেন, আমি গত ২৮ ডিসেম্বর রাত আনুমানিক ৯টায় হাসপাতালে আমার বোন জামাইকে দেখতে যাই। সেখানে যাওয়ার পর কুকুর চারিদিকে ঘুরতে দেখি। প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে যখন মেঝতে শুয়ে থাকা রোগী ও স্বজনদের শুকছে এমন দৃশ্য দেখি তখন বিষয়টি খারাপ লাগে। পরে মোবাইলে ছবি তুলে নেই। এমন অবস্থা যদি সরকারি কোনো হাসপাতালের হয় তাহলে সেবার মান বা দায়িত্বরত ব্যক্তিদের অবহেলা কতটা তা অবশ্যই প্রশ্নবিদ্ধ।
বিষয়টি অস্বীকার করে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু আল হাজ্জাজ বলেন, ছবিগুলো এখনকার নয়, অনেক আগের। ছবিগুলো সরানোর জন্য কাজ করছি। আর আগের থেকে হাসপাতালের পরিবেশ অনেকটা ভালো। অন্যান্য যা সমস্যা আছে, সেগুলোতে কাজ করছি।
জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবীর বলেন, এ বিষয়ে আমি হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানাবো। এমনটি যদি হয় তাহলে কুকুর প্রবেশ বন্ধে ব্যবস্থা নিতে বলব।সংগ্রহ

Leave a Reply