টাঙ্গাইলের ভূঞাপুরে চারটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গাড়ি ও মোটরসাইকেল চালকরা। পাম্পে তেল নিতে গিয়ে খালি হাতে ফিরে আসছেন অনেক চালক।
সোমবার (১৬ মার্চ) উপজেলার ভূঞাপুর ফিলিং স্টেশন, কাঁকন কলি ফিলিং স্টেশন, হাইওয়ে ফিলিং স্টেশন ও ভাই বন্ধু ফিলিং স্টেশন নামের এই চারটি পাম্পে এমন চিত্র দেখা গেছে। তবে বর্তমানে জ্বালানি তেলের মজুদ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পাম্প মালিকপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, সরবরাহ না থাকায় পাম্পগুলোতে তেলের মজুদ ফুরিয়ে গেছে। ফলে হঠাৎ করেই সৃষ্টি হয়েছে এই সংকট।
ভূঞাপুর ফিলিং স্টেশনের ম্যানেজার বেলাল হোসেন বলেন- আমাদের পাম্পে জ্বালানি তেল শেষ হয়ে গেছে। আশা করছি দ্রুতই তেল এসে পৌঁছাবে এবং আবার বিক্রি শুরু করা যাবে।
এদিকে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন চালকরা। মোটরসাইকেল চালক ফরমান বলেন, পাম্পে পেট্রোল নিতে এসে জানতে পারলাম তেল নেই। বাধ্য হয়ে তেল না নিয়েই ফিরে যেতে হচ্ছে।
স্থানীয়দের মতে, দ্রুত তেল সরবরাহ না হলে পরিবহন ও সাধারণ মানুষের চলাচলে আরও ভোগান্তি বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।





Leave a Reply