যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে এক জামায়াত কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তি জাহান শেখ (৩৫) ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে জামায়াতে ইসলামী সমর্থিত রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তিনি একই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মাসের তারাবি নামাজ আদায় শেষে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন জাহান শেখ। পথে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসক জানান, রোগীর শরীরে একাধিক গভীর ক্ষতচিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভয়নগর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে গিয়ে দেখি জাহান শেখের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন।
এটি একটি পরিকল্পিত হামলা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।তবে হামলার পেছনে কী কারণ থাকতে পারে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ রাজনৈতিক বিরোধের ইঙ্গিত দিলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply