যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকার বউবাজার বটতলা থেকে মিরপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের রানাভাটা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের বাথরুমে গেলে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে।
পরে অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা নম্বর ১৭। মামলা দায়েরের পর থেকে ইমরান হোসেন আত্মগোপনে ছিলেন।
অভয়নগর থানার ওসি জিয়াউর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান,
আসামিকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে গত ২৮ অক্টোবর ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।


Leave a Reply