পর্তুগালের মাদেইরা দ্বীপে কর্মরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত কামরুল ইসলাম (৩০) সিলেট জেলার জগন্নাথপুর উপজেলার হরিয়রপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল মালিকের পুত্র।
স্থানীয় সূত্র ও প্রবাসী বাংলাদেশিদের বরাতে জানা গেছে, কাজের উদ্দেশ্যে সম্প্রতি লিজবন থেকে মাদেইরা দ্বীপে যান কামরুল ইসলাম।
গতকাল রাতে তিনি লিজবনের বেনফরমচো রোড এলাকায় হবিবপুরের আব্দুন নুরের সঙ্গে রাত আনুমানিক ৯টার দিকে চা-নাস্তা শেষে বিদায় নেন এবং অদিভিলাস এলাকায় রাত যাপন করেন।
পরদিন ভোর ৬টার ফ্লাইটে লিজবন থেকে মাদেইরার ফুঞ্চাল শহরে পৌঁছান। পরে দুপুর ১২টার দিকে কর্মস্থলে যোগ দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে,
বিকাল আনুমানিক ৩ টার দিকে কাজ চলাকালে হঠাৎ একটি সিমেন্টের বস্তা ছিটকে এসে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কামরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে মাদেইরা ও লিজবনসহ পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান,
দীর্ঘদিনের পরিশ্রম ও অনিশ্চয়তার পর তিনি সম্প্রতি পর্তুগালের রেসিডেন্ট কার্ড হাতে পেয়েছিলেন। তবে দেশে পরিবারের কাছে ফেরার আগেই তার জীবনাবসান ঘটে।
নিহতের মৃত্যুসংবাদ দেশে পৌঁছালে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম শুরু হয়। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Leave a Reply