আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।
রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী এই পরিদর্শনের মাধ্যমে তিনি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুতি কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ঘাটাইল জিবিজি কলেজ অডিটোরিয়ামে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম ভিত্তি।
সে লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও বলেন,
কোনো ধরনের চাপ বা প্রভাব উপেক্ষা করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এছাড়াও তিনি উপজেলার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি নির্বাচনী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা,
ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ভোটারদের জন্য উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত দায়িত্ব।
পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রবেশ ও প্রস্থান ব্যবস্থা, ভোটগ্রহণ কক্ষের প্রস্তুতি এবং সার্বিক অবকাঠামোগত বিষয়গুলো খতিয়ে দেখেন তিনি।
এ সময় নির্বাচন কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রকে আইপি ক্যামেরার আওতায় আনার জন্য সহকারী রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, আইপি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ নির্বাচনকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঘাটাইলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন অফিসার, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় নিবিড় পর্যবেক্ষণ ও প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply