টাঙ্গাইলের ভূঞাপুরে নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক মাদরাসার উস্তাদদের জন্য শিক্ষাদান পদ্ধতি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার মাদারিয়া এলাকার ইমাম আলী বাইতুল কুরআন বালক-বালিকা মাদরাসার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সাত্তার কাশেমী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইমরান আহমেদ ও হাফেজ হোসাইন আহমেদ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা নুরুল ইসলাম, শেখ মাহদী হাসান শিবলী, মাওলানা সানোয়ার, মুফতি রবিউল ইসলাম প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন এলাকার ১৫ টি মাদরাসা থেকে মোট ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নুরানী শিক্ষাব্যবস্থায় আধুনিক ও কার্যকর পাঠদান কৌশল, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং মানসম্মত কুরআন শিক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে নুরানী শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply