লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক ভ্যানচালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ রাকিব হোসেন (২৬)।
ভুক্তভোগী রাকিব হোসেনের অভিযোগে জানা যায়, তিনি টিডিডি পাড়া (সিমুল মোড়) এলাকার মানিক মিয়ার ছেলে এবং ভ্যানের মাধ্যমে মাছ ও ইলেকট্রিক সামগ্রী বিভিন্ন দোকানে সরবরাহ করে জীবিকা নির্বাহ করেন।
অভিযোগে বলা হয়, গত ১৭ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে চাপারহাট বাজার (গ্রামীণ ব্যাংকের সামনে) এলাকায় একটি শিশু রাস্তায় পার হওয়ার সময় রাকিব হোসেন ভ্যান থামিয়ে শিশুটিকে বাঁচান। এ সময় চন্দ্রপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শরিফ (৩০), হানিফ মিয়া ও আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।
পরবর্তীতে তারা রাকিব হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে তার মাথা ও মুখে গুরুতর জখম হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত শরিফুল হোসেন তার প্যান্টের পেছনের পকেট থেকে ৪২,২৪০ টাকা ছিনিয়ে নেন এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন।
স্থানীয় দোকানদার ও বাজারের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে রাকিব হোসেন নিরাপত্তাহীনতায় ভুগে স্থানীয়দের সহযোগিতায় কালীগঞ্জ হাসপাতালে ভর্তি হন (ভর্তি রেজিস্ট্রেশন নম্বর: ৩২১৯৫/৩৩) এবং চিকিৎসাধীন অবস্থায় থানায় অভিযোগ দায়ের করেন।
রাকিব হোসেন অভিযোগে বলেন, অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ছিনতাইকৃত টাকা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply