লালমনিরহাট জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিয়ম-শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. আকবর আলী মুন্সী।
সভায় রংপুর রেঞ্জের ডিআইজি লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, কল্যাণসংক্রান্ত বিষয় ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও দায়িত্বশীল আচরণ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন। একই সঙ্গে মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল পর্যায়ের পুলিশ সদস্যকে সর্বদা সতর্ক, আন্তরিক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
সভায় লালমনিরহাট জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply