লালমনিরহাট প্রতিনিধি:
নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নিয়োগ ও এমপিওভুক্তি নিয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভিনের তদন্ত প্রতিবেদন ঘিরে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীর দাবি, গুরুত্বপূর্ণ নথি-প্রমাণ উপস্থাপন করা হলেও সেগুলোর যথাযথ মূল্যায়ন না করে তৃতীয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন দেওয়া হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে নারাজি দিয়ে পুনঃতদন্তের আবেদন করা হয়েছে।
বিদ্যালয়ের তিন জুনিয়র শিক্ষক ও এক শিক্ষা সহায়কের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তি নিয়ে দীর্ঘদিনের অভিযোগ যাচাইয়ে গত ১৯ আগস্ট জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মোহা. রাশেদুল হক প্রধান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভিনকে তদন্তের দায়িত্ব দেন।
গত ৬ সেপ্টেম্বর বিদ্যালয়ে অভিযোগকারী রকিবুল ইসলাম রুবেলসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে তদন্ত অনুষ্ঠিত হয়। অভিযোগকারীর দাবি, তিনি প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি দিলেও সেগুলোর বিষয়ে প্রতিবেদনে স্পষ্ট কোনো মতামত দেওয়া হয়নি।
নারাজি আবেদনে ২০০৯ সালের নিয়োগ বিজ্ঞপ্তি, সংশোধিত বিজ্ঞপ্তি ও রেজুলেশন, কয়েকজন শিক্ষকের নিয়োগ-যোগদান এবং শিক্ষা সহায়ক দীপ্তি রায়ের নাম পরিবর্তনসহ এমপিওভুক্তির নথি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ‘প্রতিষ্ঠাতা পরিচালক’ পদটির বৈধতা নিয়েও আপত্তি জানানো হয়েছে।
অভিযোগকারীর দাবি, এ ধরনের একপেশে তদন্ত প্রতিবেদন বহাল থাকলে অভিযুক্তদের নিয়োগ ও এমপিওভুক্তির অনিয়ম বৈধতা পাওয়ার সুযোগ তৈরি হবে। এতে সুভাষ চন্দ্র বর্মনের বিরুদ্ধে ওঠা নিয়োগ-বাণিজ্যের অভিযোগও আড়াল হওয়ার আশঙ্কা রয়েছে।
রকিবুল ইসলাম রুবেল বলেন, গুরুত্বপূর্ণ প্রমাণ দেওয়া হলেও প্রতিবেদনে সেগুলোর বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেই। তাই নারাজি দিয়েছি।
অভিযোগের বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভিন কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা প্রশাসক মোহা. রাশেদুল হক প্রধান বলেন, নারাজি আবেদন পেয়েছি। পুনরায় তদন্ত করা হবে।



Leave a Reply