লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়াল খোওয়া মৌজার হাজীটারী এলাকায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার এলাহি বকসের ছেলে নুর ইসলাম (৫০) ও দেলোয়ার হোসেন (৪২)। একই ঘটনায় তাদের এক ভাতিজা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজেদের জমিতে কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এসময় নুর ইসলাম ও দেলোয়ার হোসেন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তাদের উদ্ধার করতে গিয়ে ভাতিজাও বিদ্যুতায়িত হন।
চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। পরিবারটি এখন গভীর শোকে নিমজ্জিত।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, পুরনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা বিদ্যুৎ বিভাগের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply