পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আওলিয়া ঘাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের প্রকাশ্যে “সন্ত্রাসী” বলে গালিগালাজ করেছেন জেলা প্রশাসনের সহকারী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান। এ ঘটনায় সাংবাদিক সমাজসহ স্থানীয় বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ওই কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।
সূত্রে জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বরে মহালয়া উপলক্ষে শতাধিক যাত্রী বহনকারী নৌকা ডুবে করুণ এক দুর্ঘটনায় ৭১ জনের মৃত্যু হয়। সেই নৌকাডুবির তিন বছর পূর্তিতে রবিবার ২১ সেপ্টেম্বর স্মরণানুষ্ঠানের খবর সংগ্রহে ৬–৭ জন স্থানীয় সাংবাদিক আওলিয়া ঘাটে যান।
এসময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান সাংবাদিকদের নৌকায় ওঠার সময় বাধা দেন। যদিও একই সময়ে নৌকায় যাত্রীদের পাশাপাশি মোটরসাইকেল পারাপার হচ্ছিল। সাংবাদিকরা প্রশ্ন তোলেন—“অন্যরা পার হতে পারলে, সংবাদকর্মীরা কেন পারবেন না?” উত্তরে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “আপনি আল জাজিরার সাংবাদিক হন আর যেই সাংবাদিক হন, তাতে আমার যায় আসে না। যেতে পারবেন না।”
সাংবাদিকরা ওই দৃশ্য ক্যামেরায় ধারণ করলে তিনি আরও উত্তেজিত হয়ে প্রকাশ্যে বলেন, “আপনারা সন্ত্রাসী।” শতাধিক মানুষের উপস্থিতিতে সাংবাদিকদের উদ্দেশে এমন অশালীন ও অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নেতারা বলেন, সাংবাদিকদের এভাবে অপমান করা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

Leave a Reply