লালমনিরহাট, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ছোট ভাই মো. আরফান আলী এবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তে চাকরি পেয়েছেন।
আরফান গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হন। আজ বৃহস্পতিবার ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগপত্র প্রদান করেন। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শুরু করবেন। প্রশিক্ষণ শেষ হওয়ার পর তিনি যোগ্য বিজিবি সদস্য হিসেবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।
লালমনিরহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে রয়েছে। আরফান সফলভাবে আমাদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন। সীমান্তে এমন নৃশংস ঘটনা যাতে আর কখনো না ঘটে, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক ও সচেষ্ট।”
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে মাত্র ১৫ বছর বয়সী ফেলানী খাতুন নিহত হন। এই মর্মস্পর্শী ঘটনা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ফেলানীর পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে আসছেন।






Leave a Reply